ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের প্রায় আড়াই বছরের মেয়াদকালে দেশে এক হাজারেরও বেশি সাংবাদিক নির্যাতিত হয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ।
বুধবার বিকালে 'ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে' উপলক্ষে এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি রুহুল আমিন গাজী এ দাবি করেন।
তিনি বলেন, "এ সরকারের আমলে দেশে ৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হন ৫ শতাধিক এবং এক হাজারেরও বেশি সাংবাদিক নির্যাতিত হয়েছেন। এ অবস্থা এখনো অব্যাহত রয়েছে।''
প্রধান আলোচক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, সরকার সমালোচনা সহ্য করতে পারে না। আজ সব কিছু 'বন্দি' করে রাখা হচ্ছে। দেশের সঠিক চিত্র সংবাদপত্রে তুলে ধরতে না পারলে গণতন্ত্র থাকবে না।'
এ অবস্থা থেকে উত্তরণে তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, "শত বাধার মধ্যেও আপনাদের এক হয়ে এগিয়ে যেতে হবে।"
জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে বিএফইউজে'র একাংশের আয়োজনে 'সংবাদপত্র দলন ও সাংবাদিক নির্যাতন' শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইংরেজি দৈনিক নিউজ টুডে'র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিভিন্নভাবে আজ সাংবাদিকরা নির্যাতনের মুখে পড়ছেন। পেছন দিক থেকে মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করার চেষ্টা চলছে। টেলিভিশনের টকশোতে স্বাধীনভাবে কথা বলা যায় না।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, বর্তমান শাসকগোষ্ঠী সুপরিকল্পিতভাবে সংবাদপত্রের 'কন্ঠরোধ' করছে। এটা দেশের জন্য মঙ্গলজনক নয়। এজন্য বসে থাকলে চলবে না। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সত্য প্রকাশ করতে হবে।
বিএফইউজে'র একাংশের মহাসচিব শওকত মাহমুদ জাতিসংঘ ঘোষিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে'র পটভূমি ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নেই। সাংবাদিকরা পদে পদে নির্যাতিত হচ্ছেন। অসংখ্য মানহানির মামলা হচ্ছে। মানবাধিকার লঙ্ঘন হলেও আদালতে গিয়ে কোনো বিচার পাওয়া যায় না।
সংগঠনের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, সাংবাদিক রকিব উদ্দিন, মাহবুব হাসান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা পরিচালনা করেন বিএফইউজে'র একাংশের সহকারী মহাসচিব এম আবদুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০৫ ঘ.
bdnews24