ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালা আগামী শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসার।
বুধবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশে অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াও কবিগুরুর স্মৃতি বিজড়িত শিলাইদহ, শাহজাদপুর ও পতিসর এবং ভারতের দিল্লি ও কোলকাতায় পৃথক দু'টি অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বাংলাদেশে আগামী ৬ থেকে ৮ মে, দিল্লিতে ৭ থেকে ৯ মে এবং কোলকাতায় ৯ থেকে ১১ মে পর্যন্ত এসব আয়োজন হবে।
আজাদ বলেন, বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে ভারতের উপ-রাষ্ট্রপতি যোগ দিলেও দিল্লির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেতে পারছেন না। ওই সময় তিনি ইস্তাম্বুলে একটি সম্মেলনে যোগ দেবেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে দিল্লির অনুষ্ঠানে যোগ দেওয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
তবে দুই দেশের যৌথ উদ্যোগে এ বিশাল আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে কবিগুরুর পরিবারের কোনো সদস্যই অতিথি হিসেবে উপস্থিত থাকছেন না বলে জানান তথ্যমন্ত্রী।
কবিগুরুর সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও ভারতে বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক প্রতিনিধি দলও সফর বিনিময় করবেন বলে জানান আজাদ।
আয়োজক কমিটির সদস্য রামেন্দু মজুমদার জানান, বাংলাদেশে অনুষ্ঠান আয়োজনে এ বছরের জুন পর্যন্ত ব্যয় করতে ছয় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে বিভাগীয় পর্যায়ে দুই লাখ টাকা, জেলা পর্যায়ে এক লাখ এবং উপজেলা পর্যায়ে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
বাকী কর্মসূচি বাস্তবায়নে নতুন অর্থবছরেও বরাদ্দ রাখা হবে বলে জানান তিনি।
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান জানান, কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে একাডেমীর তেমন কোনো প্রকাশনা নেই। এবার বিশ্বকবিকে নিয়ে ৩০টি প্রকাশনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হারুন অর রসিদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাশফি বিনতে শামস এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এলএন/এইচএ/১৯২৩ ঘ.
bdnews24