ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো লিমন হোসেনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া এবং এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ নিয়ে প্রশ্ন তুললেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
তিনি বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে বলেন, "একজন রোগীকে কোনো চিকিৎসক কী রাতের আঁধারে ছেড়ে দিতে পারেন? মোটামুটি সুস্থ বলে কোনো বিষয় চিকিৎসা শাস্ত্রে রয়েছে কি? রোগীর ছাড়পত্র পুলিশের কাছে দেওয়া হলো কী কারণে? পরিচালকের পদ রক্ষায় একজন চিকিৎসাধীন পঙ্গু রোগীকে এভাবে হাসপাতাল থেকে ছাড়া যায় কিনা?
তিনি বিচারকদের উদ্দেশে বলেন, "লিমন একজন কিশোর। তাকে সরাসরি কারাগারে পাঠানো যায় কিনা? পাঠানো গেলে আইনের কোন ধারা অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হলো? এসব আজ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এ প্রশ্ন শুধু মানবাধিকার কমিশনের নয়, গোটা জাতির কাছে বড় হয়ে উঠেছে।"
ঝালকাঠীর রাজাপুরে গত ২৩ মার্চ গুলিবিদ্ধ হন লিমন। তার দাবি, ধরে নিয়ে তাকে গুলি করেছে র্যাব। তবে র্যাব বলছে, সন্ত্রাসীদের সঙ্গে 'বন্দুকযুদ্ধ'র সময় লিমন গুলিবিদ্ধ হন।
ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ লিমনকে দেখতে গিয়েছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এ ঘটনা নিয়ে উষ্মাও প্রকাশ করেন তিনি।
লিমনের বিরুদ্ধে র্যাব বাদি হয়ে দুটি মামলা করে। এর একটিতে তিনি জামিন পেলেও অন্যটিতে মঙ্গলবার তাকে কারাগারে পাঠায় ঝালকাঠীর একটি আদালত। এ জন্য তাকে ঢাকা থেকে ঝালকাঠী নিয়ে যাওয়া হয়। আদালতের নির্দেশে লিমন বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সিরডাপ মিলনায়তনে বুধবার বেসরকারি সংস্থা (এনজিও) পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রোনিং সেন্টার (পিএসটিসি) পরিচালিত ওয়েব পোর্টাল 'নাগরিককণ্ঠ'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
তিনি বলেন, "রাষ্ট্র সবচেয়ে ক্ষমতাশালী। এর চেয়ে নিরীহ ব্যক্তিদের মানবাধিকার কীভাবে রক্ষা করা যায়, সে জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। আমাদের যাদের বেশি কিছু পাওয়ার অভিলাষ নেই, তাদের এজন্য এগিয়ে আসতে হবে।"
নাগরিক সাংবাদিকতা প্রসঙ্গে প্রথম আলোর উপ-সম্পাদক আনিসুল হক বলেন, নাগরিক সাংবাদিকরা প্রশিক্ষণপ্রাপ্ত হবে, এমন নয়। তবে তাদের সংবাাদ প্রকাশের ক্ষেত্রে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সত্য ঘটনা ও সমস্যাগুলো তুলে ধরতে হবে। এক্ষেত্রে অভিযুক্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এতে যুক্ত করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম রহমান, বিএমএ'র প্রাক্তন সভাপতি রশিদ-ই-মাহবুব, খেলাঘরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী এবং বিভিন্ন এলাকা থেকে আসা নাগরিক সাংবাদিক শামীমা আহমেদ কথা, আরমান সিদ্দিকী ও মাহফুজা ফারাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৫২ ঘ.
bdnews24