২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস বিকৃতি থেকে জাতিকে মুক্ত করতে হবে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনের ভিত্তিস্থাপন করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 07:59 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনের ভিত্তিস্থাপন করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁওয়ে বুধবার সকালে মুক্তিযুদ্ধ যাদুঘরের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, "মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্মের পর প্রজন্মকে জানাতে হবে। ইতিহাস বিকৃতির হাত থেকে জাতিকে মুক্ত করার ক্ষেত্রে অবদান রাখবে মুক্তিযুদ্ধ যাদুঘর।" ১৯৯৬ সালের ২২ মার্চ সেগুনবাগিচার একটি ভাড়াবাড়িতে মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রম শুরু হয়। নিজস্ব ভবনের জন্য সরকার প্রতিষ্ঠানটিকে আগারগাঁওয়ে আড়াই বিঘা জমি দিয়েছে। জাদুঘরের কর্মকর্তারা জানিয়েছেন, একটি দ্বিতল ভবন নির্মাণ করছেন তারা। এ জন্য ১০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, যার ২৪ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। জাদুঘরের ভবন নির্মাণ দ্রুত শেষ করার তাগিদ দেন হাসিনা। মুক্তিযুদ্ধ জাদুঘরকে অর্থ সহায়তারও আশ্বাস দেন তিনি। বাজেটে মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য আর্থিক বরাদ্দ রাখার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতি অর্থবছরে মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য ৫ কোটি টাকা করে বরাদ্দ রাখা হবে। জাদুঘরের ট্রাস্টিদের কর রেয়াতের নম্বরসহ চাঁদার টাকা সংগ্রহের বই ছাপানোর আহ্বান জানিয়ে হাসিনা বলেন, "মুক্তিযুদ্ধ জাদুঘরের কর রেয়াত দেওয়া হয়েছে। এ কর রেয়াতের একটা নম্বর আছে। এ নম্বর দিয়ে একটা রিসিট বই করেন। তাহলে যারা চাঁদা দেবেন- তারা করমুক্ত হয়ে যাবে।" প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ এর ১৫ অগস্টের পর ২১ বছর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে স্বাধীনতার ইতিহাস মুছে ফেলা হয়েছে। বই থেকে স্বাধীনতার ইতিহাস মুছে কাল্পনিক ইতিহাস জুড়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী দেশের সহায়তা এবং প্রবাসীদের আত্মত্যাগের কথাও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। জাদুঘরের ভিত্তিস্থাপন করে হাসিনা বলেন, "আজকের দিনটি সত্যি একটা আনন্দের দিন। মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরেছি। এ জাদুঘরের সঙ্গে আমরা আর রেহানার (ছোট বোন) একটা সম্পৃক্ততা রয়েছে। আমি একে নিজের প্রতিষ্ঠান হিসাবে মনে করি। আমি আর রেহানা সব সময় মুক্তিযুদ্ধ জাদুঘরের খবর রেখেছি।" অনুষ্ঠানে জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য আক্কু চৌধুরী নির্মাণ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, দেশি-বিদেশি অসংখ্য নকশা থেকে তরুণ স্থপতি ফারজানা ও তানজিমের নকশা নির্বাচন করা হয়েছে। এ যাদুঘরে মিলনায়তন, আর্কাইভ ও প্রদর্শনী কেন্দ্র থাকবে। অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আলী যাকের ১৯৯৬ সালের ২২ মার্চ যুক্তিযুদ্ধ জাদুঘরের কাজ শুরুর পর থেকে দর্শনার্থী খাতা থেকে বিভিন্ন ব্যক্তির লেখা পড়ে শোনান। অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য মফিদুল হক এবং ডা. সারোয়ার আলীও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪০০ ঘ.