মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনকে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক ঐক্যমত্যের ওপর গুরুত্ব দিয়েছেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকেরা।
১৯টি জাতীয় দৈনিকের সম্পাদক বুধবার সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠকে তাদের মতামত তুলে ধরেন। সংসদ ভবনের দ্বিতীয় তলায় সকাল ১১টা থেকে দুপর ২টা পর্যন্ত এ বৈঠক চলে।
এ সময় অধিকাংশ সম্পাদক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিরোধী দলকে সংবিধান সংশোধনে সম্পৃক্ত করাসহ সংসদকে কার্যকর ও শক্তিশালী করতে বিভিন্ন মতামত তুলে ধরেন। তবে দুইজন সম্পাদক সংবিধান সংশোধনে গণভোট, গণ পরিষদ ও সাংবিধানিক কমিশন গঠনের প্রস্তাব দেন।
কয়েকজন সম্পাদক তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের সুপারিশ করেন।
গণভোট ও গণপরিষদের প্রস্তাব
দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, সংবিধান সংশোধন নিয়ে দেশে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কোন সংবিধান নিয়ে বিশেষ কমিটি কাজ করছে তাও স্পষ্ট হয়।
"সৃষ্ট জটিলতা ও বিভ্রান্তি নিরসনে সংসদ ভেঙে সংবিধান সংশোধনের জন্য নির্বাচন দেওয়ার সুপারিশ করেছি। এর মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ণের জন্য গণপরিষদ হবে।"
অবশ্য গণপরিষদের গঠন পদ্ধতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, "আদালতের রায়ের আলোকে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে। সেই সংবিধানে ফিরে গেলে তো সংশোধনের দরকার ছিল না। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে- বাহাত্তরের সংবিধানে পুরোপুরি ফিরে যাচ্ছে না।"
তার মতে, সংবিধান সংশোধনের জন্য একটি সাংবিধানিক কমিশন গঠন করা দরকার।
এর আগে যে ১৪ বার সংবিধান সংশোধন হয়েছে- তার কোনোটিই ঐক্যমতের ভিত্তিতে হয়নি জানিয়ে রিয়াজউদ্দিন আহমেদ বলেন, এবার তিনি এ বিষয়ে রাজনৈতিক সমঝোতার আশা করছেন।
তিনি মনে করেন, সংবিধান সংশোধনে জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে এ প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ জরুরি।
"আপত্তির জন্য আপত্তি- এটা রাজনৈতিক সংস্কৃতি। সবার ঐক্যমত্য হলে সবার কাছেই গ্রহণযোগ্য হবে," বলেন তিনি।
সংবিধানের মৌলিক পরিবর্তন করতে হলে তা গণভোটের মাধ্যমে করার প্রস্তাব দেন নিউএজ সম্পাদক নুরুল কবির।
বিতর্ক এড়াতে দরকার রাজনৈতিক ঐক্যমত
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, বিরোধী দলকে সংবিধান সংশোধনে সম্পৃক্ত করতে এখনই সরকারের উদ্যোগ নেওয়া উচিত। তাদের সঙ্গে নিয়েই এ সংবিধান সংশোধন করা দরকার।
"রাজনৈতিক বিভেদ আছে। এর জন্য প্রধান দুই রাজনৈতিক দলই দায়ী। তাদেরই দায়িত্ব এ বিভেদ কমিয়ে এনে সর্বসম্মতভাবে সংবিধান সংশোধনের চেষ্টা করা। যারা সরকারে আছে- সমঝোতা ও ঐক্য সৃষ্টি করার দায়িত্ব তাদেরই বেশি।"
ঐক্যমত্য না হলে আগামীতে এই সংশোধন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
স্বাধীনতার ৪০ বছর পরে দেশের জনসংখ্য বেড়ে দ্বিগুণের চেয়ে বেশি হওয়ায় সংসদের আসন ৩০০ থেকে বাড়ানো, নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১০০ করা এবং সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করার সুপারিশ করেন প্রথম আলো সম্পাদক।
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক শাহজাহান সরদার মনে করেন, সবার কাছে গ্রহণযোগ্য ন হলো সংবিধান সংশোধনের এই উদ্যোগ নিয়ে বিতর্ক থেকে যাবে।
"রাজনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে একটা বিভাজন সৃষ্টি হয়েছে। সংবিধান সংশোধনে এ রাজনৈতিক বিভেদ দূর করতে হবে।"
আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেন, সব বিভাজন দূর করার জন্য সংবিধান সংশোধনের উদ্যোগকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের জন্য বিশেষ কমিটিকে পরামর্শ দিয়েছেন তিনি।
"এটা একটা সুযোগ। সবেমাত্র সংবিধান সংশোধনের আলোচনা শুরু হয়েছে। নতুন করে একটা হাইপ তৈরি হলো, এটা একটু লেংদি করা। এ নিয়ে একাধিকবার আলোচনা হতে পারে, আরো বেশি অংশগ্রহণ নিশ্চিত করলে ভালো হবে।"
এই সম্পাদক মনে করেন, নাারী উন্নয়ন নীতিতে নারীদের অধিকার যথার্থভাবে উঠে আসেনি।
তিনি বলেন, "সংবিধানে নারীর সমান অধিকারের বিষয়টি আরো স্পষ্ট করার প্রস্তাব করেছি।"
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মিশ্র মত
জনকণ্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ বলেন, "অরাজক পরিস্থিতির মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসেছে। ইমেডিয়েটিলি বাতিল করে দিয়ে ইসির মাধ্যমে নির্বাচন করতে হবে। এছাড়া অন্য কোনো পদ্ধতিতে গেলেই বিতর্ক সৃষ্টি হবে।"
কোনো অনির্বাচিত সরকার যাতে ক্ষমতায় আসতে না পারে তা নিশ্চিত করারও সুপারিশ করেন তিনি।
"ডাকাত তো আর বলে আসে না। তারপরও এলে তারা যাওয়ার পরই কঠোর শাস্তি দিতে হবে। তাদের নির্মূল করতে হবে। যাতে করে আর কেউ এ সাহস না করে সে ব্যবস্থা নিতে হবে।"
কালের কণ্ঠ সম্পাদক আবেদ খান বলেন, তত্ত্বাবধায়ক সরকার অনির্দিষ্টকাল থাকতে পারে না। এর মেয়াদ ৯০ দিনে বেঁধে দেওয়ার জন্য কমিটির কাছে প্রস্তাব করেছেন তিনি।
সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মতে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের পরিপন্থী। কিন্তু সরকারি দল ও বিরোধী দল একমত না হওয়ায় এতোদিন এ ব্যবস্থা ছাড়া কোনো বিকল্প ছিলো না।
এ ব্যবস্থা সর্বোচ্চ আর এক মেয়াদ থাকতে পারে বলে মত দেন তিনি।
সংবিধান সংশোধনে রাজনৈতিক ঐক্যমত্যের ওপর গুরুত্ব দিয়ে সমকাল সম্পাদক বলেন, এ জন্য কোনো গণভোট, গণপরিষদ বা সাংবিধানিক কমিশনের প্রয়োজন নেই।
অবশ্য প্রথম আলো সম্পাদক মতিউর রহমান মনে করেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রয়োজন রয়েছে।
বয়কট সংস্কৃতি রোধ ও দলীয় প্রভাবমুক্ত স্পিকার
সংসদ বর্জন সংস্কৃতি রোধ, স্পিকারকে দলীয় প্রভাবমুক্ত রাখা, সংসদীয় আসন ৬০০ তে উন্নীত করা ও সংসদে উচ্চ কক্ষ চালুর প্রস্তাব দিয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
তিনি বলেন, সংসদ সদস্য পদ বাতিলে অনুপস্থিতির মেয়াদ বিদ্যমান ৯০ কার্যদিবসের পরিবর্তে ৯০ দিন করার জন্য কমিটির কাছে প্রস্তাব করেছেন তিনি।
ডেইলি স্টার সম্পাদক মনে করেন, স্পিকার নির্বাচিত হওয়ার পর দলীয় পদ ছাড়ার এবং পরবর্তী নির্বাচনে নিজের সংসদীয় এলাকা থেকে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান করতে হবে। এ সুযোগ থাকলে স্পিকার দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারবেন।
বিচার বিভাগ সম্পৃক্ততা ও ক্ষমতা দখল
সাবেক প্রধান বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকার থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
"সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্ববধায়ক সরকারের প্রধান করা যাবে না। এতে বিচার বিভাগ বিতর্কিত হয়। বিচার কাজ রাজনীতি দ্বারা প্রভাবিত হয়।"
গণরাষ্ট্র বাংলাদেশ
বৈঠকে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' নাম নিয়েই আপত্তি জানিয়েছেন সান সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন।
তিনি বলেন, "এই নাম দিয়ে দেশের নাগরিকদের প্রজা করা হয়েছে। এখানে কোনো রাজা নেই। নাগরিকরা ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করে। আর তাই দেশের নাম হওয়া উচিত গণরাষ্ট্র বাংলাদেশ।"
রাষ্ট্রধর্ম ও ধর্মরিপেক্ষতা
ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন কমিটিকে বলেছেন, সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা রাখা যাবে না।
"রাষ্ট্রধর্ম ইসলাম ও বিছমিল্লাহ বাদ দিলে এই অপপ্রচার আরো পোক্ত হবে যে, আওয়ামী লীগের কাছে ইসলাম কখনো নিরাপদ নয়।"
নয়াদিগন্ত সম্পাদক মহিউদ্দিন আলমগীর বলেন, ধর্মভিত্তিক রাজনীতির পক্ষে মত দিয়েছেন তিনি। তবে এর অপব্যবহার রোধে তিনি প্রয়োজনীয় বিধান যুক্ত করার সুপারিশ করেছেন।
রাষ্ট্রধর্ম প্রসঙ্গে নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, "রাষ্ট্রের কোনো ধর্ম বা জাতীয়তা থাকতে পারে না। এটাকে নাগরিক রাষ্ট্রে পরিণত করা দরকার।"
গণপরিষদ অযৌক্তিক
সম্পাদকদের সঙ্গে বৈঠকের পর বিশেষ কমিটির সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, অতীতে কোনো সংশোধনীর জন্যই গণভোট বা গণপরিষদ হয়নি। কাজেই এ ধরনের দাবি অযৌক্তিক।
"গণপরিষদ তখনই হয়- যখন নতুন সংবিধান প্রণয়ন করা হয়। নতুন সংবিধান আমরা প্রণয়ন করতে যাচ্ছি না। স্বাধীনতার চেতনা ও আদালতের রায়ের আলোকে যুগোপযুগী করতে বাহাত্তরের সংবিধান সংশোধন করা হচ্ছে।"
সংসদে বিল আকারে সংবিধান সংশোধনের প্রস্তাব তোলার পর বিরোধী দলসহ সবারই মত দেওয়ার সুযোগ থাকছে বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই নেতা।
বিশেষ কমিটির বৈঠকে সম্পাদকদের মধ্যে ফিনানশিয়াল এক্সপ্রেসের এএইচএম মোয়াজ্জেম হোসেন, ভোরের কাগজের শ্যামল দত্ত, যুগান্তরের সালমা ইসলাম ও খবরের মিজানুর রহমান মিজান তাদের মতামত তুলে ধরেন।
তবে ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু কমিটিকে চিঠি দিয়ে বৈঠকে অংশ নেওয়ার ব্যাপারে অপারগতা প্রকাশ করেন।
এছাড়া আমন্ত্রিত ২৫ সম্পাদকের মধ্যে দিনকাল, ডেসটিনি, ইন্ডিপেন্ডেন্ট, সংবাদ, যায়যায়দিন ও ভোরের ডাক সম্পাদক বৈঠকে আসেননি। সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের এ বৈঠকে আমন্ত্রণ জানায়নি সংবিধান সংশোধন কমিটি।
গত বছরের ২১ জুলাই সরকার সংবিধান সংশোধনে এই বিশেষ কমিটি গঠন করে। নিজেরা পর্যালোচনা করার পর গত মাসের শেষ দিকে আইনজ্ঞ ও সংসদে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন সংসদীয় কমিটির সদস্যরা। মঙ্গলবার বিশিষ্টজনদের মতামত নেওয়া হয়।
সংসদে প্রতিনিধিত্ব নেই বলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে (সিপিবি) এ বৈঠকে ডাকা হয়নি। তবে তারা লিখিত সুপারিশ দিলে তা বিবেচনার আশ্বাস দিয়েছিলেন কমিটির কো-চেয়ার সুরঞ্জিত সেনগুপ্ত।
বুধবার সকালে সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম দলের পক্ষে লিখিত সুপারিশ কমিটিতে জমা দেন।
সেলিম সাংবাদিকদের বলেন, তারা বাহাত্তরের সংবিধান পুনর্বহাল দেখতে চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/জেকে/২০১২ ঘ.
bdnews24