২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইউনূসকে বাদ দিতে নোটিস প্রয়োজন ছিলো না'

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ার আগে মুহাম্মদ ইউনূসকে নোটিস দেওয়ার প্রয়োজন ছিলো না বলে আদালতে বলেছেন সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ার আগে মুহাম্মদ ইউনূসকে নোটিস দেওয়ার প্রয়োজন ছিলো না বলে আদালতে বলেছেন সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। ইউনূসের অব্যাহতির বিষয়ে সর্বোচ্চ আদালতের দেওয়া আদেশ প্রত্যাহারের আবেদনের ওপর শুনানিতে অংশ নিয়ে ইউনূসের আইনজীবীদের যুক্তি খণ্ডন করে মঙ্গলবার তিনি এ কথা বলেন। হাইকোর্টের রায় নিয়ে ইউনূসের আইনজীবী ড. কামাল হোসেনের বক্তব্যকে হতাশা থেকে উদ্ভূত বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। মঙ্গলবার শুনানির পর আপিল বিভাগ বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেছে। মাহবুবে আলম বলেন, "বয়সের কারণে চাকরিতে অবসরের আগে নোটিস দেওয়ার বিধান নেই। বয়স উত্তীর্ণ হওয়ার পর স্বাভাবিকভাবে সবাই অবসরে চলে যায়। ড. ইউনূস এ রীতি ভঙ্গ করায় তাকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে মাত্র। তাই এক্ষেত্রে কোনো নোটিসের প্রয়োজন ছিলো না।" ড. কামাল বলেছিলেন, "১১ বছর পর কোনো কারণ না দেখিয়েই ড. ইউনূসকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি দেওয়ার আগে ইউনূসকে নোটিস দেওয়া উচিত ছিলো। নোটিস না দেওয়ায় ন্যায়বিচার নিশ্চিত হয়নি।" মাহবুবে আলম বলেন, "ড. কামাল একজন হতাশাগ্রস্ত ব্যক্তি। হতাশার কারণেই তিনি এ রকম কথা বলেছেন।" প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির আদালতে মঙ্গলবার এই শুনানিতে অ্যাটর্নি জেনারেল ছাড়াও ইউনূসের পক্ষে বক্তব্য রাখেন কামাল হোসেন, রোকনউদ্দিন মাহমুদ। বাংলাদেশ ব্যাংকের পক্ষে বক্তব্য রাখেন তৌফিক নেওয়াজ। গ্রামীণ ব্যাংকের ৯ পরিচালকের করা আবেদনে শুনানি করেন সারা হোসেন। অনুমোদন না নিয়ে পদে অধিষ্ঠিত হওয়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দেয়। এর বিরুদ্ধে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের ৯ পরিচালকের করা দুটি রিট আবেদন গত ৮ মার্চ সরাসরি খারিজ করে হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইউনূসের করা আপিলের আবেদন গত ৫ এপ্রিল খারিজ করে আপিল বিভাগ। কিন্তু ইউনূস ও গ্রামীণের ৯ পরিচালক এ বিষয়ে আরো শুনানি ও আদেশ প্রত্যাহারের (রিকল) আবেদন করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, "মুক্ত আদালতে রায় ঘোষিত হওয়ার পরই আপিল বিভাগের রায় চূড়ান্ত হয়ে যায়। এর জন্য রায় স্বাক্ষর (সাইন) হওয়ার কোনো প্রয়োজন নেই।' তিনি বলেন, "এরপর কেবল রিভিউ আবেদন এই স্তরে করা যায়। এ বিষয়ে আদালতের উচিত সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া। অন্যথায় ভবিষ্যতে বিচারিক অঙ্গনে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে",বলেন তিনি। 'কেন ১১ বছর বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নেয়নি- ইউনূসের আইনজীবীদের এ বক্তব্য সম্পর্কে আদালত জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, "আইন যথাসময়ে প্রয়োগ না হলে কোনো অবৈধ কাজ বৈধ হয়ে যায় না। তাই কেউ আইন কাজে না লাগানোয় ইউনূসের পদে থাকা বৈধ হয়ে যায়নি।" মাহবুবে আলম বলেন, "৬০ বছর বয়সের পর যে কোনো পদে থাকা যায় না সেটি ইউনূসও বুঝতে পেরেছিলেন। ১৯৯৯ সালের ২০ জুলাই গ্রামীণ বৈঠকে তিনি সেটা বলেছিলেনও।" "পরে ২০০১ সালে তাকে যতদিন খুশি ওই পদে থাকার সুযোগ করে দেয় গ্রামীণ ব্যাংক। এটাতো হতে পারে না। এতে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে", যোগ করেন তিনি। গ্রামীণ ব্যাংকের ৯ পরিচালকের আইনজীবী সারা হোসেন বলেন, "গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদচ্যুতি বা নিয়োগের ক্ষমতা এর পরিচালনা পরিষদের। এটা বাংলাদেশ ব্যাংকের এখতিয়ারভুক্ত নয়।" এটা করার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক পরিচালনা পরিষদের অধিকারে হস্তক্ষেপ করেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "গ্রামীণ ব্যাংক কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংকের মত কোনো ব্যাংক নয়। এটি একটি বিশেষ ধরণের ব্যাংক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৮৪৫ ঘ.