ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের উপ- মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. হেদায়েত উল্লাহ হত্যা মামলায় এক জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে দুই জনকে।
মঙ্গলবার দুপুরে ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত মোশারফ হোসেনের (৩৫) বাড়ি পটুয়াখালী জেলায়। যাবজ্জীনপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেনের (৩২) বাড়ি গোপালগঞ্জে এবং মো. হারুনের (৩৫) বাড়ি চাঁদপুর।
রায়ে মো.আনিস নামে একজনকে খালাস দেওয়া হয়েছে। তিনি পলাতক।
মামলায় জানা যায়, ২০০৭ সালের ২১ জুলাই গভীর রাতে ডাকাতির উদ্দেশে দন্ডিতরা ঢাকা জেলার ধামরাইয়ের বিজয়নগরে হেদায়েত উল্লাহর বাসার রান্না ঘরের গ্রীল কেটে ঢোকে। এ সময় হেদায়েত উল্লাহকে দন্ডিতরা গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরদিন সকালে হেদায়েতের বড় ভাই অধ্যাপক মো. আমিনুর রশিদ ধামরাই থানায় ডাকাতিসহ খুনের মামলা করেন। এজাহারে আসামিদের অজ্ঞাতনামা ডাকাত বলে উল্লেখ করা হয়।
মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয়।
এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রায়ে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তদের বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে।
বিডিন্জি টোযেন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৩৪৫ ঘ.
bdnews24