ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য জরিপের সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলনিশি জারি করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি ফরিদ আহম্মেদ ও বিচারপতি মো. শওকত হোসেনের বেঞ্চ পার্বত্য চট্টগ্রামের দুই বাসিন্দা মো. জাহাঙ্গীর কামাল ও এএইচএম শহীদুল্লাহর দায়ের করা রিট আবেদনে এই রুলনিশি জারি করে।
সরকারের মন্ত্রীপরিষদ সচিব, আইন সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ১৩ জনকে আগামী ১২ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
তিনি শুনানিতে বলেন, "২০০৯ সালের ৩ আগস্ট পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন তিন জেলায় ভূমি জরিপের সিদ্ধান্ত নেয়। আইন অনুযায়ী এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা প্রশাসনের জন্য বাধ্যতামূলক।"
তিনি আরো বলেন, "কমিশন দুই মাসের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেওয়ার কথা প্রশাসনকে বললেও এখন পর্যন্ততা বাস্তবায়ন হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেএমএস/ ১৯৫৩ ঘ.
bdnews24