২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরার ওসির বিরুদ্ধে ঘুষের মামলা

ঘুষ নেওয়ার অভিযোগে রাজধানীর রামপুরা থানার ওসিসহ চার পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে রাজধানীর রামপুরা থানার ওসিসহ চার পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করা হয়। ঢাকার সাভার উপজেলার ব্যাংক কলোনীর গৃহবধু মুর্শিদা খাতুন দণ্ডবিধির ৩৮৮/১০৯ ধারায় মামলাটি দায়ের করেন। মহানগর হাকিম আবদুল কাদের মামলা গ্রহণ করে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৮ মে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন রামপুরা থানার ওসি মো. সাইদুর রহমান, একই থানার ওসি (তদন্ত) আবদুল বারী, উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. আসগর হোসেন ও নুরে আলম ফকির। মামলা দায়েরের এ খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন বাদির আইনজীবী হারুনর রশিদ ও ফুয়াদ হোসেন। মামলায় অভিযোগ করা হয়, বাদীর বড় মেয়ে মুসলিহা জাহান পাপিয়াকে তাঁর স্বামী রুহুল আমিন ও অন্য তিনজন রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরী পাড়ার বাসায় গত ১৩ মার্চ শারীরিক নির্যাতন করে হত্যা করে। বাদী গত ২৫ মার্চ এ ঘটনায় রামপুরা থানায় মামলা করতে গেলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা মামলা গ্রহণ না করে বাদীকে ফিরিয়ে দেন। অন্যদিকে হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করতে অভিযুক্তরা রুহুল আমিনকে দিয়ে রামপুরা থানায় একটি সাধারণ ডায়রি করান। এ অবস্থায় বাদী বাধ্য হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গত ৩০ মার্চ একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটিকে এজাহার হিসেবে গণ্য করতে রামপুরা থানার ওসিকে নির্দেশ দেয়। বাদী এরপর থানায় যোগাযোগ করলে ওসি সাইদুর মামলা নিতে টালবাহানা শুরু করেন। এমনকি বাদীকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। তিনি বাদীকে ভয়ভীতি দেখিয়ে বাদীর কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নিয়ে মামলা রুজু করেন। এরপর রহস্যজনক কারণে একের পর এক তদন্ত কর্মকর্তা পরিবর্তন করতে থাকেন অভিযুক্ত দুই ওসি। অভিযুক্ত দুই এসআই পর্যায়ক্রমে তদন্ত কর্মকর্তার দায়িত্ব নেন। কিন্তু তদন্তকালীন তাঁরা ঘটনার আলামত নষ্ট করেন। বাদী এসব বিষয়ে খোঁজখবর নিতে গেলে তাঁকে ও তাঁর ছোট মেয়েকে উল্টো হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর ভয় দেখান। এভাবে ভয় দেখিয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা বাদীর কাছ থেকে বিভিন্ন সময়ে এক লাখ ৭০ হাজার টাকা নেন। এরপরও অভিযুক্তরা আরো টাকা দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকার করায় বাদীকে অভিযুক্তরা বকাঝকা করেন বলেও অভিযোগে বলা হয়। এর আগে গত ৫ এপ্রিল রামপুরা থানার ওসি, দুই উপপরিদর্শক সহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, ভাংচুর ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগে খিলগাঁও তালতলার বাসিন্দা জিয়াউন নাহার বাদি হয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেন। গত ২৬ এপ্রিল পোশাক শ্রমিককে গণধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা গ্রহণ না করার কারণে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একই থানার ওসি, দুই উপপরিদর্শকসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৬১২ ঘ.