২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ শুরু

সরকারের সিদ্ধান্তের পর নতুন নাম জনপ্রশাসন মন্ত্রণালয় হিসেবে কাজ শুরু করেছে সংস্থাপন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 07:57 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সিদ্ধান্তের পর নতুন নাম জনপ্রশাসন মন্ত্রণালয় হিসেবে কাজ শুরু করেছে সংস্থাপন মন্ত্রণালয়। গত ২৫ এপ্রিল মন্ত্রিসভা দেশ-বিদেশে 'বিভ্রান্তি' নিরসনে সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ সোমবার সাংবাদিকদের বলেন, সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর থেকেই আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় হিসেবে কাজ শুরু হয়েছে। "মানুষের সঙ্গে মন্ত্রণালয়ের যোগসূত্র স্থাপন ও সম্পৃক্ততা বাড়াতেই এ নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। তবে শুধু নাম পরিবর্তন হলেই চলবে না, কর্মকর্তা ও কর্মচারীদের মানসিকতাও পরিবর্তন করতে হবে। মাঠ পর্যায়ে প্রভাব রাখতে এই পরিবর্তন অবশ্যই ইতিবাচক হতে হবে", বলেন তিনি। মন্ত্রণালয়ের আগামী দিনের কর্মপরিকল্পনা ও লক্ষ্যও নির্ধারণ করা হবে বলে জানিয়ে সচিব বলেন, "৫০ বা ১০০ বছর পর এ মন্ত্রণালয়ের ভিশন (লক্ষ্য) কী হবে, তাও নির্ধারণ করা হবে।" তিনি বলেন, মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হলেও খরচ কমাতে এখনই নতুন কাগজপত্র তৈরি করা হবে না। এখনও ব্যবহারোপযোগী পুরনো কাগজপত্র শেষ হওয়ার পর নতুন করে কাগজ ও ফাইল তৈরি করা হবে। আগের পুরনো কাগজের ওপর শুধু সিল মেরে ব্যবহার করা হবে। পদোন্নতি জটিলতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, "স্বচ্ছ নীতিমালার মধ্যদিয়ে পদোন্নতি ও বদলি করা হচ্ছে। কেউ হয়তো পদোন্নতি পাচ্ছেন না অথবা পাবেন না। তবে কেন তিনি পদোন্নতি পাচ্ছেন না, তা তাকে জানানো হবে।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪০০ ঘ.