সাভার, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের ধামরাইয়ে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ধামরাইয়ের চন্দ্রাইল এলাকার বাড়িটি থেকে রোববার রাতে রাকিবের (৬) লাশ উদ্ধার করা হয়। সে একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চায়ের দোকানি সিদ্দিকের একমাত্র সন্তান রাকিব গত বৃহস্পতিবার বিকালে নিখোঁজ হয়। রোববার রাত ৮টার দিকে ওই বাড়িটির সেপটিক ট্যাংকের কাছে গেলে স্থানীয় মহর আলী পঁচা দুর্গন্ধ পান। এরপর ট্যাংকের ভেতরে শিশুর মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন তিনি।
ইমাম হোসেন বলেন, "খেলার সময় শিশুটি পা পিছলে ওই ট্যাংকের ভেতরে পড়ে যেতে পারে, অথবা কেউ হত্যা করেও ফেলে রাখতে পারে। ময়না তদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে।"
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩২১ ঘ.
bdnews24