২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা কর্মসূচিতে পালিত হলো মে দিবস

নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের রক্তাক্ত সংগ্রামের ঐতিহাসিক ঘটনার দিন মে দিবস পালন করেছে দেশের শ্রমিক সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের রক্তাক্ত সংগ্রামের ঐতিহাসিক ঘটনার দিন মে দিবস পালন করেছে দেশের শ্রমিক সংগঠনগুলো। মে দিবসে রোববার সরকারি ছুটির দিনে ঢাকাসহ দেশের জেলাগুলোতে শ্রমিক সংগঠনগুলো শোভাযাত্রা ও আলোচনা সভা করে। এদিন বন্ধ ছিলো প্রায় সব কলকারখানা। মে দিবসের সরকারি অনুষ্ঠান হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হতে মালিকদের বলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ভাংচুর করে কারখানার ক্ষতি না করতেও শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান ২০০৬ সালের শ্রম আইন এখনো সংশোধন না করতে পারায় দুঃখ প্রকাশ করেন। সব নারী শ্রমিক যেন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পায়, তা নিশ্চিত করতেও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। দেশে ৪২টি খাতের শ্রমিকদের মধ্যে ২৭টি খাতের মজুরি কাঠামো পুনর্নির্ধারণ হচ্ছে বলে জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে তহবিল দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গাজীপুরের কোনাবাড়িতে এক শ্রমিক-জনসভায় বক্তব্য রাখেন। শ্রমিকদের ন্যায্য মজুরি দিকে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে উৎপাদন বাড়াতে শ্রমিকদেরও নিরলসভাবে কাজ করতে বলেন তিনি। এর আগে সকালে রাজউক এভিনিউর শ্রম ভবন থেকে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শোভাযাত্রা বের হয় শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে শ্রমিক সমাবেশের পর নগরীতে শোভাযাত্রা বের করে। একই সময়ে প্রধান বিরোধী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলও নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করে শোভাযাত্রা। এছাড়া শোভাযাত্রা বের করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বিপ্লবী পরিবহন শ্রমিক ফেডারেশন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন কারখানার শ্রমিক সংগঠনগুলো। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক, কাজের সময় আট ঘণ্টা ও একদিন ছুটির দাবিতে আন্দোলন গড়ে তোলে। এর ধারাবাহিকতায় ধর্মঘট চলাকালে ওই বছরের ১ মে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ। ওইদিন ১০ শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। উত্তাল হয়ে ওঠে পুরো শিকাগো শহর। অবশেষে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়। ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। পরের বছর থেকে ১ মে সারাবিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে 'মে দিবস' পালিত হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এসএম/এমআই/০৭৪০ ঘ.