ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সভাপতি এ কে আজাদ অভিযোগ করেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তাকে হুমকি দিয়েছেন বিরোধীদলীয় এক নেতা।
মে দিবস উপলক্ষ্যে রাজধানীতে রোববার এক আলোচনা সভায় আজাদ বলেন, "বিরোধীদলীয় এক নেতা আমাকে হুমকি দিয়েছেন। আমাকে বলেছেন- আপনি তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে এতো কথা বলছেন। আপনি কি আপনার ভবিষ্যত ভেবে দেখেছেন?"
ওই আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিরোধীদলীয় নেতা [খালেদা জিয়া] এ কে আজাদকে হুমকি দিয়েছেন- এরকম বক্তব্যসহ সন্ধ্যায় এ খবরটি প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
খবর প্রকাশের পর এফবিসিসিআই'র সভাপতি এ কে আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে জানান, তিনি বিরোধীদলীয় নেতা বলেননি।
আজাদ বলেন, "আমি বলেছি বিরোধীদলীয় এক নেতা।"
গত ২৭ এপ্রিল এক সেমিনারে আজাদ বলেন, "ব্যবসায়ীরা আর একবারের জন্যও তত্ত্বাবধায়ক সরকার চান না।"
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের 'তিক্ত' অভিজ্ঞতা তুলে ধরে আজাদ বলেন, "আগামীতে তত্ত্বাবধায়ক সরকার এলে ৫০ শতাংশ ব্যবসায়ী দেশ ছেড়ে চলে যাবে।"
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসনামলে দুর্নীতিবিরোধী অভিযানে দেশের বহু ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং অনেকের সম্পদ বাজেয়াপ্ত করা হয়।
'সবার মত নিয়ে সংশোধন করুন'
রোববার তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি বলেন, "ব্যবসায়ীরা কেয়ারটেকার সরকার চায় না। এই টেক কেয়ার সরকার আমাদের কাছ থেকে ৫০ হাজার কোটি টাকা তুলেছে।
"আমাদের জেলে পাঠিয়ে প্রধানমন্ত্রী আপনি রাজস্ব আদায় করেননি। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে আমরা বিনিয়োগ করবো না। নাবিকরাও সিগন্যাল দেখে জাহাজ ছাড়েন। দশ নম্বর সিগন্যালে নাবিকরা জাহাজ ছাড়ে না।"
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এফবিসিসিআই সভাপতি বলেন, আপনার এবারের সরকারের দিনক্ষণ গণনা করা হচ্ছে। কারণ, আপনার এই সরকারের কাছে সবার প্রত্যাশা অনেক বেশি।
রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সবার সঙ্গে মত বিনিময় করে সংবিধান সংশোধন করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান আজাদ।
সংবিধান সংশোধনে গত বছরের ২১ জুলাই সংসদীয় বিশেষ কমিটি গঠন করে সরকার। সংশোধন বিষয়ে কমিটি সাবেক প্রধানবিচারপতি, আইনজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর মত নেয় গত মাসের শেষ সপ্তাহে।
সেখানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হলেও দলটি মত দেয়নি।
আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা বিশেষ কমিটিকে দেওয়া মতে গত ২৭ এপ্রিল হাসিনা বলেন, "তত্ত্বাবধায়ক সরকারকে তিন মাসের মধ্যেই নির্বাচন করতে হবে। এর মধ্যে নির্বাচন করতে না পারলে পূর্ববর্তী সরকারের অধীনে নির্বাচন হবে।"
পরদিন খালেদা জিয়া এ অনুষ্ঠানে অভিযোগ করেন, সংবিধান সংশোধনের বৈঠক লোক দেখানো। একদলীয় শাসন কায়েমের জন্য সংবিধান সংশোধনের চেষ্টা চলছে।
'বেসরকারি খাত থেকে আরো বিদ্যুৎ'
আলোচনায় আজাদ জানান, ২০১৩ সালের মধ্যে বেসরকারি খাত থেকে আরো তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
গ্যাস সঙ্কটের কথা উল্লেখ করে তিনি বলেন, "এটাও [গ্যাস খাত] বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি।"
শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের (আইএলও) প্রতিনিধি আন্দ্রে বোগুই।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভাটি আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৫৪ ঘ.
bdnews24