নারায়ণগঞ্জ, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরে চারটি পাটের গুদামে অগ্নিকাণ্ডে প্রায় দেড় লাখ মণ পাট পুড়ে গেছে।
রোববার সকাল ৯টার দিকে শহরের নিতাইগঞ্জ তামাকপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ দমকল বাহিনীর উপ-পরিচালক আহসানুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকল বাহিনীর ছয়টি ইউনিট পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই গুদাম চারটি নারায়ণগঞ্জ কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের।
এগুলো হলো- শারমীন জুট বেলার্স এর দুটি গুদাম, ইউনিভার্সেল জুট বেলার্স এবং টাঙ্গাইল জুট বেলার্স।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শারমীন জুট বেলার্স সংলগ্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা পাশের দুটি গুদামেও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
ক্ষতিগ্রস্তরা দাবি করেছে, আগুনে প্রায় ২০ কোটি টাকা মূল্যের পাট পুড়ে গেছে।
শারমীন জুট বেলার্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, আগুনে তার গুদামের মজুদ করা এক লাখ মণ পাট পুড়ে গেছে।
তিনি বলেন, "চার গুদামের মোট দেড় লাখ মণ পাট পুড়ে গেছে। পুড়ে যাওয়া পাটের বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬০৮ ঘ.
bdnews24