২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নির্বাচনী সংঘাতে আহত ৮

গোপালগঞ্জের মাঝিগাতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আট জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 07:56 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

গোপালগঞ্জ, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মাঝিগাতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আট জন আহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে মারাত্মক আহত সরু মোল্লা (৬০), হেলাল কাজী (১৫), বাবু সরদার (৩২) ও তরিকুল মোল্লাকে (১৬) গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান খান মুকুলের সমর্থক সরু মোল্লা ও হেলাল কাজী রাত ৯টার দিকে ভবানীপুর গ্রামে নির্বাচনী প্রচারণায় বের হয়। এ সময় ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুকসুদ আলী খানের সমর্থকরা অভিযোগ করেন হাফিজুরের সমর্থকরা তাদের চোখে টর্চ লাইট মেরেছে । এরপর রাত ১০টার দিকে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরু মোল্লা জানান, শনিবার বিকালে তাদের পক্ষের এক সমর্থককে প্রতিপক্ষের সমর্থকরা মারধর করে। এ কারণেই রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। আগামী ১১ জুন মাঝিগাতি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩৪২ ঘ.