সিলেট, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য সভাপতি কমর উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেটের বিয়ানীবাজার পিএইচডি উচ্চ বিদ্যালয় মাঠে ও বেলা আড়াইটায় লাউতা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
পরে গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার আবদুল্লাহপুরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার নামাজে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার লোক অংশ নেন।
গত শুক্রবার রাত ২টায় সড়কপথে ঢাকা থেকে কমর উদ্দিনের লাশ সরাসরি তার গ্রামের বাড়ি বিয়ানীবাজারে নিয়ে যাওয়া হয়।
সকালে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
গত ২২ এপ্রিল যুক্তরাজ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে কমর উদ্দিন মারা যান।
তার প্রথম জানাজা গত মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা গত শুক্রবার বিকেল ৪টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জানাজায় অন্যান্যের মধ্যে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ-সভাপতি শমসের মুবীন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, খালেদা জিয়ার উপদেষ্ঠা জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪২ ঘ.
bdnews24