ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনটি ইসলামী সংগঠন এক সময়ে সভা ডাকায় আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য মুক্তাঙ্গনে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে পুলিশ।
শনিবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোম ও মঙ্গলবার ইসলামী আন্দোলনসহ একাধিক সংগঠন মুক্তাঙ্গনে সভা ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তিনটি ইসলামী দলের সভাকে কেন্দ্র করে গত বুধবারও মুক্তাঙ্গনে সমাবেশ নিষিদ্ধ করেছিলো পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৬টা থেকে মুক্তাঙ্গন, পল্টন ময়দান, দৈনিক বাংলা মোড়, জিরো পয়েন্ট, বায়তুল মোকারমের দুটি গেইট, শাপলা চত্বর, ফুলবাড়িয়া, সেগুনবাগিচা, রমনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, ছড়ি বা লাঠি, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এমআই/১৯৪০ ঘ.
bdnews24