ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গরিব মানুষকে আইনি সহায়তা দিতে সরকারের বার্ষিক বরাদ্দের ৬০ শতাংশও ব্যয় হয় না। তাই এক্ষেত্রে বিচারক ও আইনজীবীদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
শনিবার সোনারগাঁও হোটেলে 'সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম' শীর্ষক এক কর্মশালায় ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশনের পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম জানান, দরিদ্র্যদের জন্য আইনি সহায়তা প্রদানে বার্ষিক যে বরাদ্দ থাকে তার প্রায় ৬০ শতাংশ অর্থও ব্যয় হয় না।
এ জন্য সাধারণ মানুষের অসচেতনতা এবং বিচারক ও আইনজীবীদের আন্তরিকতার অভাবকে দায়ী করেন বক্তারা।
কর্মশালায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "আইনজীবীরা আন্তরিক ও সৎ মানসিকতাসম্পন্ন না হলে এ কার্যক্রমে যত বরাদ্দ দেওয়া হোক, তার সুফল জনগণ পাবে না।"
এরপর আইনমন্ত্রী বিচারক ও আইনজীবীদের উদ্দেশে বলেন, "সরকার আর্থিকভাবে অস্বচ্ছল ও দরিদ্র মানুষকে আইনি সহায়তা দিতে কাজ করছে। এ সহায়তা দিতে আপনারাও আরো আন্তরিক হন।"
সৈয়দ আমিনুল বলেন, সরকারি খরচে অসহায় ও দরিদ্র জনগণকে আইনি সহায়তা দিতে ৬৪টি জেলায় 'আইনগত সহায়তা প্রদান কমিটি' গঠন করা হয়েছে।
কমিটির চেয়ারম্যান হিসেবে জেলা ও দায়রা জজ এবং সদস্য সচিব হিসেবে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। এছাড়া মামলা পরিচালনা করার জন্য একটি আইনজীবী প্যানেলও রয়েছে বলে আমিনুল জানান।
কর্মশালার আয়োজন করে প্রমোটিং অ্যাকসেস টু জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস ইন বাংলাদেশ প্রজেক্ট এবং ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশন।
এতে আরো বক্তব্য দেন ল অ্যান্ড জাস্টিস বিভাগের ভারপ্রাপ্ত সচিব শহীদুল করিম, লেজিসলেটিভ অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. শহীদুল হক, নীলফামারীর জেলা জজ মো. আবু হানিফ, দিনাজপুরের সহকারী জজ তারিখ হোসেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এমআই/১৭০০ ঘ.
bdnews24