২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে যুবকের লাশ উদ্ধার

সাতক্ষীরার ঘোনা সীমান্তে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বিজিবি ও স্থানীয়রা বলছে, ভারতীয় সীমান্ত রক্ষীরাই তাকে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 08:02 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

সাতক্ষীরা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার ঘোনা সীমান্তে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বিজিবি ও স্থানীয়রা বলছে, ভারতীয় সীমান্ত রক্ষীরাই তাকে হত্যা করেছে। শনিবার সকালে কোমরে দড়ি ও চোখ বাঁধা অবস্থায় বাংলাদেশি ওই যুবকের লাশ উদ্ধার করে বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। নিহত রহমত আলী (২৫) সদর উপজেলার বাঁশদহা গ্রামের ইউনুস আলী মোল্লার ছেলে। তিনি রাখাল ছিলেন। সীমান্তের কয়েকজন রাখাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সন্ধ্যায় ২০/২৫ জনের একটি দল ঘোনা সীমান্ত পেরিয়ে ভারতের গাইঘাটা এলাকায় গরু আনতে যায়। রাত ৩টার দিকে গরু নিয়ে দেশে ফেরার সময় ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার জয়নগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে এক রাউন্ড গুলি ছোড়ে। তারা জানায়, তাদের পিছু ধাওয়া করলে সবাই পালিয়ে আসতে পারলেও রহমতকে ধরে ফেলে বিএসএফ। তার ওপর নির্যাতন চালিয়ে গুলি করে হত্যার পর ভোররাতে লাশ ঘোনা সীমান্তে ফেলে যায় বিএসএফ সদস্যরা। ৪১ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মুনছুর হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএসএফ জয়নগর ক্যাম্পে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.