ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বকেয়া বেতনের দাবিতে করা ওই মামলায় ঢাকার দ্বিতীয় শ্রম আদালতের বিচারক মো. দুদু মিয়া সরকার গত ২০ এপ্রিল এ পরোয়ানা জারি করেন।
তবে শুক্রবার এ খবর পাওয়া যায় মামলার বাদি অবজারভারের সাংবাদিক আজিজুল হকের কাছে। পত্রিকাটি ২০১০ সালের জুন মাসে বন্ধ হয়।
আজিজুল হক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের ৬ অগাস্ট তিনি পত্রিকাটি থেকে পদত্যাগ করেছিলেন। ওই সময় তিনি উপ-প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বকেয়া বেতনের দাবিতে ২০০৯ সালের ১৯ অগাস্ট শ্রম আদালতে বাংলাদেশ শ্রম আইনে এ মামলা দায়ের করেন তিনি।
এতে আল হেলাল প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং লিমিটেডের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরীকে এক নম্বর ও ইকবাল সোবহানকে দুই নম্বর বিবাদী করে বকেয়া বেতন-ভাতা বাবদ ৩৩ লাখ ৪১ হাজার ৭৪ টাকা দাবি করা হয়।
ইকবাল সোবহান চৌধুরী ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি।
আজিজুল হকের আইনজীবী আব্দুল মান্নান খান শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ২১ ডিসেম্বর ওই মামলার রায় তার মক্কেলের পক্ষে যায়। এই পরিপ্রেক্ষিতে পাওনা টাকা আদায়ের জন্য একই আদালতে ফৌজদারি আইনে মামলা করেন তিনি।
এ মামলায় সমন পেয়েও ইকবাল হাজির না হওয়ায় ঢাকার দ্বিতীয় শ্রম আদালতের বিচারক তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
বাদি আজিজুল হক জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে আগামী ২৩ মে শাহবাগ থানা থেকে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য দিন রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/০১৩১ ঘ.
bdnews24