ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী নীতির ব্যাপারে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের অবস্থান জনগণের কাছে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
শুক্রবার মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষণা ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, "নারী নীতির বিরোধিতা করে আপনারা আসলে কী চাইছেন- তা জনগণের কাছে পরিষ্কার করুন।"
বিরোধী দল নারী নীতি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন টুকু।
বিএনপি ও শরিক দলগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'তারাই' ইসলামের নামে মানুষ হত্যা করে।
আওয়ামী লীগ কখনোই ইসলাম বিরোধী কিছু করবে না দাবি করে প্রতিমন্ত্রী বলেন, "বতর্মান সরকার কুরআন ও হাদিসের আলোকেই নারী উন্নয়ন নীতি প্রণয়ন করেছে।"
মন্ত্রিপরিষদ গত ৭ মার্চ নারী উন্নয়ন নীতি অনুমোদন করার আগে থেকেই ইসলামী ঐক্যজোটের একাংশের নেতৃত্বে কয়েকটি ইসলামী সংগঠন এর বিরোধিতা করে আসছে। এই নীতির প্রতিবাদে গত ৪ এপ্রিল সারাদেশে সকাল সন্ধ্যা হরতালও পালন করে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/২২২৯ ঘ.
bdnews24