সিরাজগঞ্জ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে ২৮ বাউলের চুল ও দাড়ি-গোঁফ কেটে দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে গানে গানে প্রতিবাদ জানিয়েছে বাউলরা।
শুক্রবার সকালে স্থানীয় প্রেসক্লাব চত্বরে সমাবেশ এবং পরে শহরে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
৫ এপ্রিল রাজবাড়ীর পাংশা উপজেলায় লালনভক্ত ২৮ বাউলকে 'তওবা' পড়িয়ে তাদের মাথার চুল ও দাড়ি-গোঁফ কেটে দেওয়ার ঘটনা ঘটে।
সংবাদপত্র ও টেলিভিশনে ঘটনাটি প্রকাশ পেলে দেশের বিভিন্ন এলাকার সংস্কৃতিকর্মীরা এর প্রতিবাদ জানায়। চারদিন পর ৯ এপ্রিল বাউল মোহাম্মদ আলী ফকির ওই ঘটনায় ১৩ জনকে আসামি করে পাংশা থানায় একটি মামলা করেন। ওই মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হলেও 'সমঝোতার ভিত্তিতে' মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আবার বাউল মোহাম্মদ আলী ফকিরের বাড়িতে শুরু হয় দুদিনব্যাপী সাধুসঙ্গ।
শুক্রবার শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে বাউল ইলিয়াস মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ নূরুল ইসলাম, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, শফিকুজ্জামান শফি, সাংবাদিক মুমীদুজ্জামান, সাংস্কৃতিকর্মী ও রাজনীতিবিদ মোলাম হোসেন, আমিরুল ইসলাম, মান্নান শিকদার, মজনু মিয়া, আব্দুল হাকিম প্রমুখ।
সমাবেশ শেষে একটি মৌন মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের মণিরামপুর বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বাউলরা। এসময় গানে গানে বাউলদের লাঞ্ছিত করার প্রতিবাদ জানানো হয়।
বাউল নিয়ামত আলী, আব্দুস ছাত্তার, গোলজার হোসেন, শাহাদৎ হোসেন বাউল সঙ্গীত পরিবেশন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭২৪ ঘ.
bdnews24