সাতক্ষীরা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা ডাকঘরের গাড়ির সিন্দুক থেকে সাড়ে ৪ লাখ টাকা চুরির পর তা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ডাকঘরের গাড়ি চালকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আটক দুজন হলেন- ডাকঘরের গাড়ি চালক খুলনার টুটপাড়া এলাকার বাসিন্দা মাসুম কামাল (৩৮) ও মেলগার্ড হাফিজুর রহমান (৩৫)। হাফিজ বরিশালের গৌরনদী থানার চাঁদশি গ্রামের বাসিন্দা।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার হোসেন সাংবাদিকদের জানান, ডাকঘরের সহকারী ক্যাশিয়ার আব্দুর রশিদ সন্ধ্যায় শ্যামনগর উপজেলা ডাকঘর থেকে সাড়ে ৪ লাখ টাকা নিয়ে গাড়িতে করে সাতক্ষীরা শহরে আসছিলেন। এ সময় মেলগার্ড হাফিজুর ও গাড়ি চালক মাসুম কামাল তার সঙ্গে ছিলেন।
পথে বহেরা এলকায় গাড়িতে চালক ও মেলগার্ডকে রেখে রশিদ পাশের মসজিদে নামাজ পড়তে যান।
নামাজ শেষে তারা প্রধান ডাকঘরে ফিরে আসেন। কিন্তু রাতে টাকার হিসাব মেলানোর সময় সাড়ে ৪ লাখ টাকা কম পাওয়া যায়। পরে গাড়ী চালক ও মেলগার্ডকে জিজ্ঞাসাবাদ করে পুলিশে সোপর্দ করে ডাকঘর কর্তৃপক্ষ।
উপ-পরিদর্শক শাহরিয়ার বলেন, জিজ্ঞাসাবাদে চালক মাসুম জানিয়েছে, গাড়ির সিন্দুকের নকল চাবি সে আগেই তৈরি করে রেখেছিল। রশিদ নামাজে গেলে সেই ফাঁকে সে টাকা চুরি করে। পরে গাড়ির নিচে ও শহরের টাউন গার্লস স্কুলের পাশের একটি বাগানে টাকা লুকিয়ে রাখে সে।
তবে মেলগার্ড এই চুরির সঙ্গে জড়িত কি না- তা নিশ্চিত নয় বলে জানান ওসি। তিনি জানান, টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭০২ ঘ.
bdnews24