রংপুর, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের গোকলপুর গ্রামে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের ছুরিকাঘাতে এক কিশোরী মারা গেছে।
নিহত বীথি (১৩) রংপুর সদর উপজেলার পাগলাপীর গোকলপুর গ্রামের পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলেন।
তাকে ছুরিকাঘাতকারী তরুণ রাজুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি হায়দার আলী মোল্লা।
বৃহস্পতিবার বীথিকে ছুরিকাঘাত করার পর রাজু নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তিনি বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, বীথিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন রাজু। বিদ্যালয়ে যাওয়ার সময় প্রায়ই তিনি বীথিকে প্রেম নিবেদন করতেন।
বীথি এতে সাড়া না দেয়ায় তাকে দেখে নেওয়ার হুমকি দেয় রাজু। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজু বীথিদের বাড়ি গিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে বীথি মাটিতে লুটিয়ে পড়ে।
এ সময় রাজু নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
স্বজনরা বীথিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি হায়দার আলী মোল্লা জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/পিডি/২৩১১ ঘ.
bdnews24