২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুবিধাবঞ্চিত নারীদের জন্য কাজ করো: কিরণ

পেশাগত সাফল্য অর্জনের পাশাপাশি সুবিধাবঞ্চিত নারীদের জীবনমান উন্নয়নে কাজ করতে এইউডব্লিউ'র শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানালেন কিরণ বেদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাগত সাফল্য অর্জনের পাশাপাশি সুবিধাবঞ্চিত নারীদের জীবনমান উন্নয়নে কাজ করতে এইউডব্লিউ'র শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানালেন কিরণ বেদী। বৃহস্পতিবার বিকালে নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) আয়োজিত 'এক্সট্রা অর্ডিনারি ওমেন এন্ড দেয়ার ভয়েসেস' শিরোনামের অনুষ্ঠানে ম্যাগসেসে পুরষ্কারপ্রাপ্ত ভারতের সাবেক পুলিশ কর্মকর্তা কিরণ এ আহ্বান জানান। কিরণ বেদী ১৯৭২ সালে ভারতীয় পুলিশ বাহিনীতে যোগ দেন। ৩৫ বছর পুলিশের উচ্চপদে দায়িত্ব পালনের জাতিসংঘ মহাসচিবের পুলিশ উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। জেলখানায় উপ-আনুষ্ঠানিক শিক্ষা চালু, অপরাধ প্রতিরোধ ও নারী অধিকার বিষয়ে অবদান রাখায় তিনি ম্যাগস্যাস্যা পুরষ্কারেও ভূষিত হন। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "তোমরাই ভবিষ্যত বিশ্বের নেতা। যোগ্য নেতা হিসেবে গড়ে উঠতে হলে শিক্ষা অর্জনের পাশাপাশি শারীরিক সক্ষমতা ও পারিপার্শ্বিক কঠিন পরিস্থিতি মোকাবিলায় যোগ্য হয়ে উঠতে হবে।" পেশাগত সাফল্য অজর্নকেই একমাত্র লক্ষ্যে পরিণত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "তোমরা অনেকেই সমাজের সুবিধাবঞ্চিত অংশ থেকে এসেছ। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্তের পিছিয়ে পড়া নারীদের জীবনমান উন্নয়নে কাজ করার জন্য প্রস্তুতি নিতে হবে।" অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-প্রাধ্যক্ষ সঙ্গীতা রায়মাঝি। এইউডব্লিউ'র শতাধিক শিক্ষার্থী আলোচনায় অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আফগানিস্তান ও পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক অবস্থা, বাংলাদেশের নারী উন্নয়ন নীতি, সম্পদে সম অধিকার, ব্যবহারিক জীবনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সব বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন কিরণ বেদী। তিনি বলেন, "বাংলাদেশের সংসদে নারীর অংশগ্রহণ আইনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এটা ভালো তবে সরাসরি নির্বাচনের মাধ্যমে আরো বেশি নারী নির্বাচিত হলে সেটা হতো উত্তম।" অনুষ্ঠানে এইউডব্লিউ'র দেড়শ ছাত্রী, শিক্ষক, চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নিয়ে কিরণ বেদীর সঙ্গে মতবিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২২০২ ঘ.