ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নির্দিষ্ট করার প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, "তত্ত্বাবধায়ক সরকার নয়, দলীয় সরকারের অধীনে নির্বাচন করার উদ্দেশ্য নিয়েই এরূপ প্রস্তাব করা হয়েছে। আমরা চিরদিন ক্ষমতায় থাকব- এই উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রী এই প্রস্তাব করেছেন।
"এটা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এই প্রস্তাব দেশের মানুষ প্রত্যাখান করবে।''
বুধবার সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব করেন, তত্ত্বাবধায়ক সরকারকে তিন মাসের মধ্যেই নির্বাচন করতে হবে। এর মধ্যে নির্বাচন করতে না পারলে পূর্ববর্তী সরকারের অধীনে নির্বাচন হবে।
জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার 'দেশপ্রেমিক যুব শক্তি' নামের একটি সংগঠনের উদ্যোগে 'রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি ও মানবাধিকার সংরক্ষণ' শিরোনামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারকে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে নির্দিষ্ট করা প্রসঙ্গে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "৯০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন অনুষ্ঠান বাধ্যতামূলক- এটা বর্তমান সংবিধানেই আছে। এটা নতুন কোনো প্রস্তাব নয়। কিন্তু ওই সময়ের পর নির্বাচন হবে পূর্ববর্তী দলীয় সরকারের অধীনে- এটা দেশের মানুষ মেনে নেবে না।
"দেশের মানুষ আগামী ১৫/২০ বছর তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দেখতে চায়। কোনো রাজনৈতিক সরকারের অধীনে সাধারণ নির্বাচন হতে দেওয়া হবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন জনগণ গ্রহণ করবে না।"
সংবিধানে সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির তিনদিনের বৈঠককে অর্থহীন অভিহিত করে মওদুদ আহমদ বলেন, "ওই বৈঠক ছিলো লোক দেখানো। সংবিধানের মৌলিক পরিবর্তনের বিষয়ে কোনো কিছুই আলোচনা হয়নি।
"সংবিধানে প্রস্তাবনা, রাষ্ট্রপতির ক্ষমতা, সংসদীয় গণতন্ত্রসহ মৌলিক কাঠামোর পরিবর্তন আনতে হলে অবশ্যই জনগণের মতামত নিতে গণভোটে যেতে হবে।"
প্রধানমন্ত্রী কী চান- ওই এক ব্যক্তির চিন্তার ওপর ভিত্তি করেই বিশেষ কমিটি সংবিধান সংশোধনের প্রস্তাবনা তৈরি করবে- এ দাবি করে মওদুদ বলেন, "এরপর সংসদে বিল আনলে আমরা বুঝতে পারব, তারা (সরকার) কী কী বিষয়ে সংশোধন আনতে চায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৩৩ ঘ.
bdnews24