ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কদমতলীর মুরাদপুর থেকে ৫৩২ বোতল ফেন্সিডিলসহ মারিয়া আক্তার (৩২) ও কামরুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়।
কদমতলী থানার ওসি আইয়ুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকার একটি ভবনের নিচ তলা ভাড়া নিয়ে তারা মাদক ব্যবসা শুরু করেছিলো।
ফেন্সিডিলগুলো নিচতলায় একটি বস্তার মধ্যে ছিলো বলেও জানান তিনি।
এর আগে বুধবার রাতে গোয়েন্দা পুলিশ পল্টন থানার ইনার সার্কুলার রোডের একটি ভবনের তৃতীয় তলার অভিযান চালিয়ে ৩১৫ বোতল ফেন্সিডিলসহ মো.আলমগীর হোসেন সোহগ নামে আরেকজনকে গ্রেপ্তার করে।
প্রায় একই সময় গোয়েন্দা পুলিশের আরেকটি দল মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবাসহ মো. কমর আলী (৪০) ও মো. হাসান আলীকে (৪৫) গ্রেপ্তার করে।
ঢাকা মহনগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মো. কমর আলী নিজেকে মিয়ানমারের নাগরিক বলে দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯২৪ ঘ.
bdnews24