ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট বোমা হামলার মামলায় নিষিদ্ধ হরকাতুল জিহাদের (হুজি) বর্তমান আমির শেখ ফরিদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজতে পেয়েছে সিআইডি।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।
সিআইডি'র জ্যেষ্ঠ বিশেষ সুপার ও এ মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দ জিজ্ঞাসাবাদের জন্য ফরিদকে ১০ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন জানান।
এ সময় শেখ ফরিদকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।
ফরিদকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে র্যাব।
হেফাজতের আবেদনে বলা হয়, এ মামলার আসামি মুফতি হান্নান ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, শেখ ফরিদসহ অন্যরা এই গ্রেনেড হামলার পরিকল্পনা, ষড়যন্ত্র ও বাস্তবায়নে জড়িত ছিলো। ফরিদ হরকাতুল জিহাদের শীর্ষ নেতা এবং আফগান ফেরত মুজাহিদ। শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।
আবেদনে আরো বলা হয়, ফরিদের বিরুদ্ধে রমনা বটমূলে বোমা হামলার মামলা বিচারাধীন রয়েছে। হোামিও চিকিৎসক আজিজুর রহমান হত্যার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে দেশের বিভিন্নস্থানে বোমা ও গ্রেনেড হামলায় জড়িত অন্য আসামিদের ধরা সহজ হবে।
আবেদনের শুনানি করেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।
অপরদিকে এ মামলায় এনএসআই'র দুই প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে দুই দফায় আট দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/আরএ/১৮০৯ ঘ.
bdnews24