ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাধ্যতামূলক অবসরে পাঠানো গ্রামীণ ব্যাংকের ৮ হাজার কর্মকর্তা-কর্মচারী তাদের চাকরি ফেরতের জন্য সরকারের হস্তক্ষেপ চেয়েছে।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি কেএম শহীদুুল হক।
শহীদুল বলেন, "ব্যাংকের সদ্য অপসারিত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস নানা কৌশলে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত ৮ হাজার কর্মকর্তা-কর্মচারীকে অবসরে পাঠাতে বাধ্য করেন।"
এর কারণ হিসেবে তিনি বলেন, "গ্রামীণ ব্যাংকে গণতান্ত্রিক নিয়মে পরিচালিত হয় না, স্বৈরাচারী মনোভাব নিয়ে ইউনূস সাহেব ব্যাংক চালাতেন। এজন্য কাউকে অপছন্দ হলেই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হতো।"
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণে গঠিত কমিটি বিভিন্ন অনিয়মের তথ্য পেয়েছে। তবে এর আগেই নিয়োগের অনুমোদন না নেওয়ার কারণ দেখিয়ে নোবেলজয়ী ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় সরকার।
সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন অনিয়মে জড়িতদের শাস্তিও দাবি করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক নূরন্নবী বাহাদুর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24