ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিন আদেশের ৩১ দিন পর কারাগার থেকে ছাড়া পেলেন পোশাক শ্রমিক নেতা মোশরেফা মিশু।
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ড থেকে তার পুলিশপ্রহরা তুলে নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মিশুর নেতৃত্বাধীন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল ইসলাম সবুজ।
আটকবস্থায় তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
সবুজ জানান, গার্মেন্টস শ্রমিকদের উস্কানি দেওয়া, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের তিনটি মামলার দুটিতে ২৭ জানুয়ারি এবং শেষটিতে ২৮ মার্চ তিনি জামিন পান।
তবে তাকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে পুলিশ গড়িমসি করে বলে অভিযোগ করেন তিনি। কারাগারের বাইরে পুলিশ প্রহরাই হাসপাতালে ছিলেন মিশু। ফলে তার মুক্তির ক্ষেত্রে পুলিশের সংশ্লিষ্টতা ছিলো।
গত বছরের ১৩ ডিসেম্বর রাজধানীর হাতিরপুলের একটি বাড়ি থেকে মিশুকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৬১২ ঘ.
bdnews24