২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধানের চার মূলনীতি ফেরানোর দাবি সিপিবির

ধর্মনিরপেক্ষতাসহ ১৯৭২ এর সংবিধানের চারটি মূলনীতি পুনর্বহালের মধ্য দিয়ে সংবিধান সংশোধনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 09:27 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মনিরপেক্ষতাসহ ১৯৭২ এর সংবিধানের চারটি মূলনীতি পুনর্বহালের মধ্য দিয়ে সংবিধান সংশোধনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সংবিধান সংশোধন নিয়ে দলের মতামত তুলে ধরে বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে সংবাদ সম্মেলন করে সিপিবি। সংবিধান সংশোধনের ক্ষেত্রে ১০টি প্রস্তাব দিয়েছে দলটি। সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "সংবিধান সংশোধনের ক্ষেত্রে প্রধান বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। যেমন- রাষ্ট্রীয় মূলনীতি ধর্মনিরপেক্ষতার সঙ্গে রাষ্ট্রধর্ম ইসলাম এর বিধান অসঙ্গতিপূর্ণ। তাই ধর্মনিরপেক্ষতা বহাল রেখে রাষ্ট্রধর্ম ইসলাম বিধানটি বাদ দিতে হবে।" ১৯৭২ সালে মুক্তিযুদ্ধের চেতনায় রচিত সংবিধানের চার মূলনীতি ছিলো- ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র। "কিন্তু পরবর্তীতে সামরিক ফরমানবলে পঞ্চম সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের নীতি পরিত্যাগ করে সংবিধানের চরিত্র সম্পূর্ণ পাল্টে ফেলা হয়েছিলো। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে সংবিধানের চার মূলনীতি বহাল রেখেই সংবিধান সংশোধন করতে হবে", বলেন তিনি। সিপিবির আগে মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদও ধর্মনিরপেক্ষতাকে সংবিধানে ফিরিয়ে আনার সুপারিশ করে। তবে জোটের বৃহত্তম দল আওয়ামী লীগ বলে আসছে, সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম যেভাবে আছে, সেভাবেই থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেলিম বলেন, "ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সংবিধানের প্রস্তাবনায় 'বিসমিল্লাহহির রাহমানির রাহিম' এ ধরনের ধর্মীয় বাক্য রাখা উচিত নয়।" তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ হলে আগের সরকার নির্বাচন পরিচালনা করবে- আওয়ামী লীগের এ প্রস্তাবের বিরোধিতা করে সিপিবি বলছে, এতে নির্বাচন পরিচালনায় নতুন সঙ্কট সৃষ্টি হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো, সভাপতিমণ্ডলীর সদস্য সহিদুল্লা চৌধুরী, শামছুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স। ১০ প্রস্তাব সংবিধানের তৃতীয়ভাগে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এই পাঁচটি মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা, ক্ষুদ্র জাতিসত্ত্বার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু, জাতীয় সংসদে অর্ধেক সংখ্যক আসনে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এছাড়া পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়কে মৌলিক অধিকার হিসেবে একটি নতুন ধারা সংযোজন, জরুরি অবস্থা জারির বিধানের অপপ্রয়োগ রোধে ৯ম ভাগের ১৪১ (ক), (খ) ও (গ) ধারা সংশোধন কিংবা বিলুপ্ত, তত্ত্ববধায়ক সরকারের সময়সীমা ও ক্ষমতার বিষয়ে অস্পষ্টতা দূর করা, বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত এবং সংবিধানের ৫৯ ও ৬০ নং ধারার 'স্থানীয় শাসন' শিরোনামের পরিবর্তে 'স্থানীয় সরকার' শব্দ সংযোজন করা। সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, সিপিবির প্রস্তাব তারা বিবেচনা করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এমআই/১৫২৪ ঘ.