রংপুর, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে বৃহস্পতিবার প্রথম প্রহরে ছিনতাইকারীদের হামলায় দুই টহল পুলিশ আহত হয়েছেন।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
মিঠাপুকুরের বদলদীপুকুরে রাত ১২টার পর থেকে ১টা পর্যন্ত অস্ত্রের মুখে পথচারীদের আটকে নগদ টাকা, বাইসাইকেল, মোবাইল ফোনসহ প্রায় পাঁচ লাখ টাকার মাল লুটে নেয় একদল ছিনতাইকারী।
পুলিশের সার্কেল-২ এর সহকারী পুলিশ সুপার মো. নূরন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাসীরা মালামাল ছিনতাই করার পর পথচারীদের হাত-পা বেঁধে মহাসড়কের পাশে ধানক্ষেতে ফেলে রেখে গণছিনতাই অব্যাহত রাখে। খবর পেয়ে মহাসড়কে টহলরত পুুলিশ ঘটনা স্থলে গেলে ছিনতাইকারীরা তাদের হামলা চালায়।
এতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মমিনুল ইসলাম ও কনস্টেবল সফির উদ্দিন আহত হন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে শহরের মুলাটোল মহল্লায় ছিনতাইকারীদের তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
আটককৃতরা হলো- রংপুর শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা ফুয়াদ (২২), আলমনগর কলোনির বাবলা (২৩) ও মুলাটোল মহল্লার বাসিন্দা আরিফুল (২৪)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫০২ ঘ.
bdnews24