মাওয়া (মুন্সীগঞ্জ), এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠান কিছু সময়ের মধ্যেই হবে নদীর বুকে ভাষাশহীদ বরকত ফেরিতে। দেশের দীর্ঘতম এ সেতু নির্মাণে ১২০ কোটি ডলার দিচ্ছে সংস্থাটি।
বৃহস্পতিবার দুপুর ১২টায় চুক্তি সাক্ষর হবে। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনগোজি ওকোনজো ইউয়েলা থাকবেন।
বিশ্বব্যাংকের পক্ষে চুক্তিতে সই করবেন বাংলাদেশে সংস্থার আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন, সরকারের পক্ষে করবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূইয়া।
সরকারের পক্ষে ২৯০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিতব্য এ সেতুর জন্য ১২০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক।
এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও জাপান ১১৫ কোটি ডলার দিচ্ছে। বাকি অর্থ দেবে বাংলাদেশ সরকার।
১০ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সেতু এশিয়ার দীর্ঘতম সেতু হতে চলেছে বলে পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম ইতোপূর্বে জানিয়েছেন।
দক্ষিণাঞ্চলের সঙ্গে মধ্যাঞ্চলের যোগাযোড় স্থাপনকারী এ সেতুর ছয় কিলোমিটার থাকবে নদীর ওপর, চার কিলোমিটার হবে দুই পাড়ে মাটির ওপর।
২০১৪ সালের জানুয়ারিতে এ সরকারের মেয়াদ শেষের আগেই পদ্মা সেতু নির্মাণের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১১২৫ ঘ.
bdnews24