সিলেট, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিশ্বনাথ উপজেলায় খোলাবাজারে বিক্রির (ওএমএস) ১৩২ বস্তা চাল আটক করেছে র্যাব।
বুধবার সন্ধ্যায় খাজাঞ্চী রোডের একটি মার্কেট থেকে চালের বস্তাগুলো আটক করা হয়।
এ সময় ওই দোকানের মালিক এবং ওএমএস'র ডিলার ফজর আলী দোকানে ছিলেন না।
র্যাব-৯ এর সহকারী পরিচালক কাজী শোয়েব আল জুবায়ের সাংবাদিকেদের বলেন, ফজর আলী নির্দিষ্ট সময়ে চাল বিক্রি না করে গুদামজাত করছিলেন এমন অভিযোগ পেয়ে তার দোকানে অভিযান চালানো হয়।
র্যাব কর্মকর্তা বলেন, আটক চালগুলো স্থানীয় ইউপি সদস্য নুরুল হকের জিম্মায় রাখা হয়েছে। আগামী ৪ মে'র মধ্যে তিনি এই চাল গরীবদের মধ্যে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেবেন।
এ ব্যাপারে উপজেলা খাদ্য পরির্দশক শাহ আল-মামুন বলেন, ফজর আলী সর্বশেষ গত ২১ এপ্রিল তার দোকানে বিক্রির জন্য ওএমএস'র ৬ টন চাল (১২০ বস্তা) তুলেছিলেন। বুধবার তার দোকান থেকে আটক করা হয়েছে ১৩২ বস্তা চাল।
বিশ্বনাথ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দানু মিয়া বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩২ ঘ.
bdnews24