২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের বিরুদ্ধে 'গোপনে' অভিযোগপত্র

র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত এইচএসসি পরীক্ষার্থী লিমন হোসেনকে 'সন্ত্রাসী মিজান-মোর্শেদের সহযোগী' ও অপ্রাপ্তবয়স্ক দেখিয়ে কিশোর অপরাধ আইনের আওতায় বিচারের জন্য অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

বরিশাল, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত এইচএসসি পরীক্ষার্থী লিমন হোসেনকে 'সন্ত্রাসী মিজান-মোর্শেদের সহযোগী' ও অপ্রাপ্তবয়স্ক দেখিয়ে কিশোর অপরাধ আইনের আওতায় বিচারের জন্য অভিযোগপত্র দিয়েছে পুলিশ। লিমনের মায়ের আইনজীবী বলছেন, র‌্যাব অস্ত্র আইনে এই মামলা করার এক মাসেরও কম সময়ের মধ্যে গত রোববার 'অতি গোপনে' আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। এতে লিমন ছাড়াও আরো সাত জনকে আসামি করা হয়েছে। ১৯ মে তাদের বিরুদ্ধে আভিযোগ গঠনের দিন ধার্য করেছে ঝালকাঠীর জেষ্ঠ্য বিচারিক হাকিমের আদালত। রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের বাসিন্দা লিমন পড়ালেখার পাশাপাশি ইটভাটায় কাজ করতেন। গত ২৩ মার্চ গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকার পঙ্গু হাসপাতালে লিমনের বাম পা কেটে ফেলতে হয়। র‌্যাবের দাবি, সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে লিমনের পায়ে গুলি লাগে। সেদিনই লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র‌্যাব। তবে লিমন বলছেন, তাকে ধরে নিয়ে গুলি করা হয়। ওই ঘটনায় লিমনের মা হেনুয়ারা বেগম গত ১০ এপ্রিল ঝালকাঠীর বিচারিক হাকিম আদালতে র‌্যাবের ছয় কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করেন। অনেক গড়িমসির পর মঙ্গলবার আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করে রাজাপুর থানা পুলিশ। হেনুয়ারা বেগমের আইনজীবী মানিক লাল আচার্য্য বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক বলেন, "র‌্যাবের মামলার তদন্তকারী কর্মকর্তা রাজাপুর থানার এসআই আরিফুল ইসলাম গত ২৪ এপ্রিল অতি গোপনে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রের নম্বর ৪৫ ও ৪৫(ক)।" তিনি জানান, লিমনকে 'অপ্রাপ্তবয়স্ক' উল্লেখ করে কিশোর অপরাধ আইনে বিচারের জন্য আলাদা অভিযোগপত্র দেওয়া হয়েছে। অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে দাবি করে অন্য সাত আসামিকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় বিচার করার সুপারিশ করা হয়েছে আরেকটি অভিযোগপত্রে। এতে বলা হয়েছে, ইউপি নির্বাচন বানচালের উদ্দেশ্যে মিজান-মোর্শেদ বাহিনীর সদস্যরা গত ২৩ মার্চ রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি শহীদ জোমাদ্দারের বাড়ির পাশে বৈঠকে বসে। খবর পেয়ে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা দৌঁড়ে পালিয়ে গেলেও লিমন গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে। পরে র‌্যাব সদস্যরা সেখান থেকে একটি পিস্তল ও গুলির খোসা উদ্ধার করে। গুলিবিদ্ধ লিমন র‌্যাবের জিজ্ঞাসাবাদে মোর্শেদের সহযোগী হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন বলেও অভিযোগপত্রে দাবি করা হয়েছে। অভিযোগপত্রের অপর আসামিরা হলেন- মোর্শেদ জমাদ্দার, জামাল, হাঁটু মিজান, জাহাঙ্গীর, লাবু জমাদ্দার, হালিম ও সুমন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০৫৩ ঘ.