চট্টগ্রাম, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে মিটারে নির্ধারিত ভাড়ায় চলাচল না করায় দুশ ২৭টি সিএনজি অটোরিকশাকে জরিমানা করেছে ট্রাফিক বিভাগ।
নির্ধারিত ভাড়ায় চলাচলের বাধ্যতামূলক করার প্রথমদিন বুধবার প্রতিটি অটোরিকশাকে এক হাজার চারশ টাকা করে জরিমানা করা হয়।
নগরীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে মিটারবিহীন ও নতুন ভাড়া সংযোজনহীন (ক্যালিব্রেশন) অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।
সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালক ও মালিকরা মিটারে চলাচল বাধ্যতমূলক করার বিষয়টি মেনে নিয়েছেন। এখন প্রয়োজন যাত্রীদের সহযোগিতা।
মিটারে অটোরিকশা চলাচল না করলে ট্রাফিক বিভাগকে অবগত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাত্রীরা সচেতন হলেই এ উদ্যোগ সফল হবে।
ফারুক বলেন, বুধবার বিকাল ৫টা পর্যন্ত জরিমানা করা অটোরিকশাগুলোর মধ্যে একশ ৭১টি মিটারবিহীন ও ৫৬টি ক্যালিব্রেশনহীন।
মিটারবিহীন এবং নির্ধারিত ভাড়ায় চলাচল করে না এমন অটো রিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ মাসে দুইদফা সময় বাড়ানোর পর বুধবার থেকে মিটারে অটোরিকশা চলাচল বাধ্যতামূলক করেছে সিএমপি।
এদিকে বুধবার বিকালে চালক ও মালিকদের একাধিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছে ট্রাফিক বিভাগ।
বৈঠক শেষে 'চট্টগ্রাম মহানগর অটোরিকশা, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক কল্যাণ ইউনিয়ন'র সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, দৈনিক ৬০০ টাকা মালিকের জমা দেওয়া চট্টগ্রাম শহরের চালকদের জন্য কষ্টসাধ্য। তারপরও আমরা সিদ্ধান্ত মেনে নিয়েছি।
'চট্টগ্রাম মহানগরী অটোরিকশা সিএনজি মালিক সমিতি'র সভাপতি হায়দার আজম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা চাই যাত্রীসেবা নিশ্চিত হোক। যারা এ সিদ্ধান্তের বিপক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
নগরীর বিভিন্ন পয়েন্টে মালিক সমিতির পক্ষ থেকে লোক নিয়োগ করা হয়েছে জানিয়ে হায়দার আজম বলেন, "মিটারে চলাচল নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ করছি।"
গত ১০ এপ্রিল মিটারে অটোরিকশা চলাচল বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল ট্রাফিক বিভাগ। এ লক্ষ্যে ৯ এপ্রিল পরিচালিত অভিযানে এক হাজার ছয়টি অটোরিকশাকে জরিমানা করা হয়।
তখন পাঁচটি মিটার সংযোজনকারী প্রতিষ্ঠানের পক্ষে নগরীতে চলাচলকারী মোট ১৩ হাজার অটোরিকশার ক্যালিব্রেশন নির্ধারিত সময়ে শেষ করতে না পারার অভিযোগ করে চালক ও মালিকরা।
এরপর দুদফায় পিছিয়ে ২৭ এপ্রিল থেকে মিটারে চলাচল বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২০৩২ ঘ.
bdnews24