২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মুরং পাড়ার রোগ ও মৃত্যুর সঠিক তথ্য নেই

বান্দরবানের আলীকদম উপজেলায় আদিবাসী পাড়ায় মৃত্যুর সঠিক কারণ ও সংখ্যা এখনো জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

বান্দরবান, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের আলীকদম উপজেলায় আদিবাসী পাড়ায় মৃত্যুর সঠিক কারণ ও সংখ্যা এখনো জানা যায়নি। এ ব্যাপারে সেনাবাহিনী, সিভিল সার্জন ও স্থানীয়দের কাছে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। বুধবার দুপুরে সেনাবাহিনীর বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বসন্ত' রোগে গত ৯ দিনে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার বান্দরবানের সিভিল সার্জন সাখাওয়াত হোসেন দুইদিনে (রোববার ও সোমবার) 'ডায়রিয়ায়' ৫ জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন। বুধবার তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহে আলীকদম উপজেলায় 'হাম' রোগে ১১টি মুরং পাড়ায় ২৩ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সিভিল সার্জন সাখাওয়াত হোসেনর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। পরে অফিসের নম্বরে টেলিফোন করলে 'স্টাফ' পরিচয় দানকারী একজন বলেন, সিভিল সার্জন চট্টগ্রামে ট্রেনিংয়ে গেছেন। সকালে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নুর-ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে কোনো মেডিকেল টিম বুধবার দুপুর পর্যন্ত পৌঁছাতে পারেনি। তাই আসলে কী রোগে আক্রান্ত হয়ে লোকজন মারা যাচ্ছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেনাবাহিনীর বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগ্রেডের জিএস শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পোয়ামুহুরীর সেনা ক্যাম্পের আশপাশে মারাং ম্রো পাড়া, হামুজা ম্রো পাড়া, তরণী ম্রো পাড়া, বড়বেতী ম্রো পাড়া, পাহাড় ভাঙ্গা ম্রো পাড়া, বড় আগলা নিদ্রা ম্রো পাড়া, সায়নাতলী ম্রো পাড়া, রেঞ্জক ম্রো পাড়া, দরিতংলা ম্রো পাড়া, আনদানী ম্রো পাড়া ও হাতি বাজার ত্রিপুরা পাড়াসহ ১১টি আদিবাসী পাড়ায় ১৮ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত 'বসন্ত' রোগে ১৭ জন মারা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বুধবার বান্দরবান সেনা রিজিওন'র ব্যবস্থাপনায় আলীকদম জোন থেকে একটি মেডিকেল টিম ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ হেলিকপ্টারে ওই এলাকায় যায়। সামরিক বাহিনীর ডাক্তারের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোখলেছুর রহমানও এই চিকিৎসা টিমে রয়েছেন। আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমদ পোয়ামুহুরীর মারাং পাড়া কারবারী মারাং ম্রো'র বরাত দিয়ে জানিয়েছেন, এ পর্যন্ত ১১টি পাড়ায় ২৩ জন শিশু মারা গেছে। এরমধ্যে রয়েছে মারাং পাড়ায় ২ জন, সিন্দু পাড়ায় ২ জন, ইয়াংরিং পাড়ায় ৩ জন, কামপুক পাড়ায় ১ জন, পাহাড় ভাঙায় ৩ জন, নিয়াদুই পাড়ায় ২ জন, আন্দালী পাড়ায় ২ জন, চাকপুং পাড়ায় ২ জন, চাইলাতলী পাড়ায় ২ জন, তরণী পাড়ায় ২ জন ও লাংথোয়াই পাড়ায় ২ জন। একই দাবি করেন মুরং কল্যাণ সংসদের সভাপতি মেনদন ও সাধারণ সম্পাদক ইয়োংলক মুরং। গত সপ্তাহে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের বিলপাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চার আদিবাসী মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৩ ঘ.