গাইবান্ধা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশকে পিটিয়ে চাঁদাবাজির একটি মামলার আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা।
ফাঁসিতলা বাজারে বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস সাংবাদিকদের বলেন, একটি চাঁদাবাজি মামলার আসামি ছোটন মিয়াকে গ্রেপ্তার করে থানায় আনার পথে ওই মামলার অন্য আসামিসহ ছোটনের সহযোগীরা অতর্কিত হামলা চালায়। তিন পুলিশ সদস্যকে আহত করে ছোটনকে ছিনিয়ে নেয় তারা।
হামলায় আহতরা হলেন- উপপরিদর্শক আজমল হোসেন, কনেস্টবল সাইফুল ইসলাম ও খোরশেদ আলম। এর মধ্যে সাইফুল ও খোরশেদকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
পুলিশের ওপর হামলার অভিযোগে আজমল বাদি থানায় একটি মামলা করেছেন বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫০ ঘ.
bdnews24