সিরাজগঞ্জ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বাকি মির্জা হত্যা মামলায় আটক রুহুল আমিন বাবু ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। (আরো তথ্যসহ)
বুধবার বিকালে বিচার বিভাগীয় হাকিমের আদালতে বাবু এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জবানবন্দিতে হত্যাকাণ্ডে কারা জড়িত, কারা পরিকল্পনা করেছে সব বিষয়ে বিস্তারিত তথ্য দেন বাবু।
সন্ধ্যায় তাকে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে একইদিন তিনি সিরাজগঞ্জ পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয়ে সাংবাদিকদেরও হত্যাকাণ্ডে তার জড়িত থাকার কথা জানান।
মঙ্গলবার বিকালে গাজীপুরের জিরানি থেকে রুহুল আমিন বাবুকে (৩০) আটক করে সিরাজগঞ্জ আনা হয়। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা গ্রামের নুরুল হুদার ছেলে।
বাবু সাংবাদিকদের বলেন, ১৫ এপ্রিল রাত ৩টার দিকে ডা. বাকিকে হত্যা করা হয়।
মির্জার সঙ্গে তার (বাবু) আগের স্ত্রী'র অনৈতিক সম্পর্ক থাকায় তিনি এ হত্যার পরিকল্পনাকারীদের সঙ্গে যুক্ত হন বলে জানান।
তিনি বলেন, মূল পরিকল্পনাকারীদের নির্দেশে প্রথমে দুইজন এ হত্যাকাণ্ডে অংশ নেন। পরে বাবু যোগ দেন।
বাকির মৃত্যু নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসন কার্যালয়ের ভিতরের ডরমিটরি থেকে নিজের রক্তমাখা পোশাক পরিবর্তন করে নিহত ডাক্তারের পোশাক পরে বের হন।
হত্যাকাণ্ডে অংশ নেওয়া অপর দুইজনের মধ্যে জাকারিয়া হোসেন নামের একজন হলেন মেডিকেল রিপ্রেজেনটেটিভ। আরকজনরক বাবু চেনেন না বলে জানান।
পুলিশ সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেন বলেন, হত্যায় অংশ নেওয়া প্রথম দু'জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আরেকজনকে এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি।
নিহত বাকি মির্জা ৩টি মোবাইল ফোন ব্যবহার করতেন। বাবু'র কাছ থেকে তার ব্যবহৃত একটি সেট উদ্ধার করা হয়েছে।
এ হত্যার বিষয়ে কারা পরিকল্পনা করেছে বাবু সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে তা জানাননি তিনি।
১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত হাসপাতালে দায়িত্ব পালন শেষে ডা. আব্দুল বাকি মির্জা ডরমিটরিতে যান। পরদিন দুপুর ৩টার দিকে নিজ কক্ষ থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
ওই সময় সেখান থেকে রুহুল আমিন বাবুর সাবেক স্ত্রী ওয়াসিমা এশাকে (১৮) আটক করা হয়। এরপর তাকে হেফাজতে নিয়ে চারদিন জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাবুকে আটক করে সিরাজগঞ্জ আনা হয়।
এশা কামারখন্দ উপজেলার তেজরপাড়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে। তিনি এখন সিরজগঞ্জ কারাগারে আছেন।
হত্যাকাণ্ডের পর নিহতের ভাই আব্দুল লতিফ বাদী হয়ে ওইদিন রাতে সদর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা করেন।
বাবু ও এশাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
নিহত চিকিৎসকের স্ত্রী রিনা খাতুন ঢাকার মহাখালী মেট্রোপলিটন ক্লিনিকের স্ত্রীরোগ বিভাগে কর্মরত আছেন। তাদের তিন বছর বয়সের একটি মেয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২২৪৯ ঘ.
bdnews24