ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সরকারের রাজনৈতিক অভিসন্ধি রয়েছে অভিযোগ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বলেছে, এ ক্ষেত্রে জ্যেষ্ঠতার লঙ্ঘন হলে আন্দোলনে নামবে আইনজীবীরা।
প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের অবসরে যাওয়ার ২০ দিন আগে বুধবার বার সভাপতি খন্দকার মাহবুব হোসেন সমিতির সাধারণ সভায় এ হুমকি দেন।
তিনি বলেন, "ইতোপূর্বে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছিলো। নিয়ম অনুযায়ী আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি শাহ আবু নাঈম মো. মোমিনুর রহমান প্রধান বিচারপতি হলে তিনিই হবেন পরবর্তী প্রধান উপদেষ্টা। কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগের পাঁয়তারা করছে সরকার।"
"সর্বোচ্চ আদালত যদি মানুষের আস্থা হারায়, প্রধান বিচারপতি যদি বিতর্কিত হন, তাহলে পুরো বিচার বিভাগ বিতর্কিত হবে। এবার জেষ্ঠতা লঙ্ঘন হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আন্দোলনে নামবে", বলেন তিনি।
চাকরির বয়স অনুযায়ী খায়রুল হকের আগামী ১৮ মে অবসরে যাওয়ার কথা।
২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময় ওই সময়ের বিরোধী দল আওয়ামী লীগ সদ্যবিদায়ী প্রধান বিচারপতি কেএম হাসানকে মেনে নিতে অস্বীকৃতি জানায়।
এক পর্যায়ে হাসান দায়িত্ব নিতেও অপারগতা জানান। যার ফলে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। এরপর সংঘাতের প্রেক্ষাপটে দেশে আসে জরুরি অবস্থা।
এবার সাধারণ নির্বাচনের দুই বছর আগে বিএনপি নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও পরবর্তী প্রধান উপদেষ্টা নিয়ে এক ধরনের ইঙ্গিত থেকে এ হুমকি দিলো।
রাষ্ট্রপতির উদ্দেশে বার সভাপতি বলেন, "পবিত্রতা রক্ষা ও মানুষের হয়রানিরোধে জ্যেষ্ঠতা রক্ষা করে প্রধান বিচারপতি নিয়োগ করুন।"
খায়রুল হকের মেয়াদকালে অনেক রাজনৈতিক বিষয়ের রায় 'সরকারের পক্ষে' গেছে অভিযোগ করে মাহবুব বলেন, "এসব ইস্যু মাঠে ফয়সালা হওয়া উচিত ছিলো। দলীয় লোকদেরকে বিচারপতি নিয়োগ দিয়ে আওয়ামী লীগ এসব রায় নিয়েছে।"
কোন সংবিধান অনুযায়ী দেশ চলছে- তা স্পষ্ট করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানানো হয় সভায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৭১০ ঘ.
bdnews24