২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ফতোয়া নিষিদ্ধ করলে ইসলাম নিষিদ্ধ হয়ে যাবে'

ফতোয়ার পক্ষে অভিমত দিয়েছেন ইসলামী ফাউন্ডেশন মনোনীত পাঁচ আলেম ও দুই অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 09:54 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়ার পক্ষে অভিমত দিয়েছেন ইসলামী ফাউন্ডেশন মনোনীত পাঁচ আলেম ও দুই অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু)। বুধবার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে অনুষ্ঠিত শুনানিতে তারা অভিমত তুলে ধরেন। গত ১ মার্চ এ শুনানি শুরু হয়। ২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইন কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করে রায় দেয়। মুফতি কেফায়েত উল্লাহ বলেন, ফতোয়া নিষিদ্ধ করলে ইসলাম নিষিদ্ধ হয়ে যাবে। এটা আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়। ফতোয়া হচ্ছে জানিয়ে দেওয়া। ওই মত বাস্তবায়ন করা মুফতির কাজ নয়। এটা কাজির কাজ। হাইকোর্টের রায়ে উল্লেখিত ব্যাখ্যা সঠিক নয়- এ মত দিয়ে তিনি বলেন, "পত্র পত্রিকায় যে ফতোয়ার কথা আসে, সেগুলো ফতোয়া নয়। সেসব হচ্ছে গ্রাম্য সালিশ। ফতোয়ার দৃষ্টিতেও এটা অবৈধ।" ফতোয়ায় অনেক উপকারিতা রয়েছে বলেও মন্তব্য করেন মুফতি কেফায়েত উল্লাহ। "এর ফলে নৈতিক মান উন্নত হয়।" মাওলানা রুহুল আমিন বলেন, "যে দোররা মেরেছে, হাত কেটেছে সে মুফতি নয়। মুফতি ফতোয়া পালনে বাধ্য করেন না। এটা হচ্ছে একটা মতামত।" মুফতি কফিল উদ্দিন সরকার বলেন, "কুরআন মজিদের সূরা নিসায় আল্লাহ স্বয়ং ফতোয়া দিয়েছেন। আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। এটা নিষিদ্ধ করলে জ্ঞান বিতরণ বন্ধ হয়ে যাবে। তাই ফতোয়া নিষিদ্ধ করা যাবে না। এটা একটা অব্যাহত বিধান।" "মুসলিম আইনের উৎস কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। ফতোয়াও একই উৎস থেকে এসেছে।" মুফতি মিজানুর রহমান বলেন, "কোরআন হচ্ছে মুসলমানদের সংবিধান। ইসলাম সম্পর্কে মানব জাতির জিজ্ঞাসার জবাব হচ্ছে ফতোয়া। তাই এই ফতোয় নিষিদ্ধ করা যাবে না।" ড. আবদুল্লাহ আল মারুফ বলেন, "এখতিয়ার ছাড়াই হাইকোর্টের বিচারপতি স্বতঃপ্রণোদিত রুল ইস্যু করেছিলেন। কোনো গ্রাম্য চিকিৎসকের ভুলের জন্য পুরো চিকিৎসা ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করা যাবে না।" একটি কেন্দ্রীয় ফতোয়া বোর্ড গঠন করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এটা ছড়িয়ে দেওয়ার দাবি করেন তিনি। ওই বোর্ডে আলিয়া ও কওমি মাদ্রাসার আলেমদের রাখার দাবি জানান ড. মারুফ। অ্যামিকাস কিউরি হিসাবে দেওয়া বক্তব্যে সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ বলেন, "ফতোয়া দেওয়া যেতে পারে। তবে এর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হলে তা দেওয়া যাবে না।" অপর অ্যামিকাস কিউরি অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম বলেন, "সংবিধানের কিছু কিছু বিষয় আছে যেগুলো কখনোই পরিবর্তন করা যায় না। মুসলমানদের আসল সংবিধান হচ্ছে কোরআন। ফতোয়া দেওয়ার অধিকার মুফতিদের রয়েছে। তবে তা হতে হবে কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে।" তা না হলে ফতোয়াদানকারীর বিরুদ্ধের আইনি ব্যবস্থা নেওয়া যাবে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/এমআই/১৫৫৫ ঘ.