চট্টগ্রাম, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগর কমিটির দ্বন্দ্ব নিরসনে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতাদের ঢাকায় ডাকবেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম সফরকালে দলীয় নেতাদের এ কথা বলেছেন তিনি।
নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার বিকাল ৩টায় সার্কিট হাউজে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক নির্ধারিত থাকলেও পরে তা বাতিল করা হয়।
তবে চট্টগ্রাম সেনানিবাসে হেলিকপ্টার থেকে নেমে প্রধানমন্ত্রী দলীয় নেতাদের বলেন, "আপনাদের ঢাকায় ডাকব।"
নগর কমিটির সাধারণ সম্পাদক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়ে বলেন, "হেলিকপ্টার থেকে নেমে চট্টগ্রামের নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের সময় নেত্রী বলেন- আপনাদের ঢাকায় ডাকব। সেখানেই সিদ্ধান্ত হবে।"
এ সময় হেলিপ্যাডে দলীয় সভানেত্রীকে স্বাগত জানাতে নগর কমিটির সভাপতি মহিউদ্দিন চৌধুরী, সাবেক গণ পরিষদ সদস্য ইসহাক মিয়া ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ঢাকা থেকে আসেন চট্টগ্রামের দুই নেতা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমিন এবং বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোছলেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগর কমিটির সমস্যা সমাধানে দুইপক্ষ এবং উত্তর ও দক্ষিণ জেলার নেতাদের খুব শিগগির ঢাকায় ডেকে পাঠানোর কথা বলেছেন নেত্রী।
"এছাড়া নেতাদের সঙ্গে তিনি চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা করেন।"
নগর কমিটির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং যুগ্ম সম্পাদক আফসারুল আমিনের মধ্যকার দ্বন্দ্ব গত বছরের অক্টোবর থেকে প্রকাশ্য রূপ লাভ করে। বিরোধের জের ধরে উভয় পক্ষ বিরোধী নেতাদের শোকজ ও অব্যাহতি প্রদানের মতো ঘটনাও ঘটে।
গত ২৬ ফেব্র"য়ারি বিবদমান পক্ষের নেতাদের সঙ্গে সার্কিট হাউজে বৈঠকে শেষে দু'পক্ষের দুরত্ব কমিয়ে আনতে তিন জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দেন দলপ্রধান শেখ হাসিনা। ওইদিনও নগর কমিটির নেতাদের ঢাকায় ডাকা হবে বলে তিনি জানিয়েছিলেন।
দায়িত্বপ্রাপ্ত তিন নেতা হলেন সাবেক গণিপরিষদ সদস্য ইসহাক মিয়া, দক্ষিণ জেলার সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু ও উত্তর জেলার সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তিন নেতা পৃথকভাবে দু'পক্ষের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। তবে তিন নেতা নিজেরা একসঙ্গে একবারো বসতে পারেননি।
মঙ্গলবার বিকালে একই বিষয়ে নগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ৫০ মিনিটের বৈঠক নির্ধারিত ছিল। গত রোববার তা বাতিল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২৩৫২ ঘ.
bdnews24