সিরাজগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ এক যুবককে আটক করেছে।
তার নাম রুহুল আমিন বাবু (৩০)। তিনি ডা. বাকি হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ওয়াসিমা ওরফে এশা'র সাবেক স্বামী।
মঙ্গলবার বিকেলে গাজীপুরের মাদবপুর থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের খোকসাবাড়ী গ্রামে।
মামলার তদন্ত কর্মকর্তা ও সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার দিনের রিমান্ডে থাকার সময় এশা জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে রুহুল আমিন বাবু'র সম্পৃক্ততা রয়েছে বলে তথ্য দেয়।
এই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদবপুর বাজার থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল টেলিফোন উদ্ধার করা হয়েছে। তাকে গাজীপুর থেকে সিরাজগঞ্জে আনা হচ্ছে।
এদিকে ডা. বাকি হত্যার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলার সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকের চিকিৎসকরা মঙ্গলবার ষষ্ঠ দিনের মতো সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আড়াই ঘণ্টা কর্মবিরিতি পালন করেন।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল বাকি মির্জা ১৫ এপ্রিল রাতে দায়িত্ব পালন শেষে ডরমেটরিতে যান। পরদিন বিকাল ৩টার দিকে নিজ কক্ষ থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৩২ ঘ.
bdnews24