মেহেরপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরে অটোবাইক চালকদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষের জের ধরে জেলার সকল রুটে বাস ও অটোবাইক চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার সকালে এই সংঘর্ষের পর বাস ও অটোবাইক চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
প্রত্যক্ষর্শীরা জানান, বাস শ্রমিকরা সকালে শহরের কোর্ট এলাকায় অটোবাইক চলাচলে বাধা সৃষ্টি করলে অটোবাইক চালকরা ৩ জন বাস শ্রমিককে মারধর করে।
এ ঘটনায় বাসস্ট্যান্ড থেকে শ্রমিকরা দল বেধে কোর্ট এলাকায় এসে অটোবাইক ভাংচুর শুরু করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বাস শ্রমিকরা অর্ধশতাধিক অটোবাইক ভাংচুর করে। পুলিশ এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উভয় পক্ষই মেহেরপুর সদর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।
বাসশ্রমিক এবং অটোবাইক চালকরা ঘটনার সুষ্ঠ বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বাস ও অটোবাইক চলাচল বন্ধ করে দিয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম জানান, উদ্ভুত পরিস্থিতিতে উভয়পক্ষের সঙ্গে আলোচনা চলছে।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৭ ঘ.
bdnews24