২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগ: প্রশ্ন ফাঁসের ৩ আসামিকে মারধর

রংপুরে শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার মামলার আসামি বিজি প্রেসের তিন কর্মচারি বকেয়া পাওনা নিতে এসে সহকর্মীদের গণপিটুনির শিকার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার মামলার আসামি বিজি প্রেসের তিন কর্মচারি বকেয়া পাওনা নিতে এসে সহকর্মীদের গণপিটুনির শিকার হয়েছেন। গণপিটুনির শিকার তিন কর্মচারি হলেন- কম্পোজিটার শহিদুল ইসলাম ফকির ও এটিএম মোস্তফা এবং তার স্ত্রী বাইন্ডার লাবণী বেগম। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তেজগাঁও বিজিপ্রেসে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে এই তিনজন তাদের পাওনা নিতে বিজি প্রেসের হিসাব শাখায় আসলে সাধারণ কর্মচারীরা তাদের ওপর হামলা চালায়। পরে সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে তাদের রক্ষা করে। সাধারণ কর্মচারীদের অভিযোগ, তাদের কারণে বিজি প্রেসের সুনাম নষ্ট হয়েছে। গত বছরের জুলাই মাসে রংপুরের গঙ্গাচরা থানায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সেখানে গ্রেপ্তার হন মোস্তফা। পরে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে শহিদুল ইসলাম ফকির এবং মোস্তফার স্ত্রী লাবণী বেগমসহ বেশ কয়েকজনের। এই ঘটনার পর পুলিশ মোস্তফার বাসা এবং অফিসের ট্রাংক থেকে কয়েক লাখ টাকা উদ্ধার করে। বিজিপ্রেস কর্তৃপক্ষ তাদের সাময়িকভাবে বরখাস্তও করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রশ্নপত্র ফাঁসের মামলায় তারা জামিনে রয়েছেন। তাদের জামিননামা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/পিডি/১৮১৭ ঘ.