২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে নারী নীতিমালার পক্ষে-বিপক্ষে কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালার পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালন করেছে দুই পক্ষের সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালার পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালন করেছে দুই পক্ষের সমর্থকরা। নীতিমালা বাস্তবায়নের দাবিতে ইবি'র প্রগতিশীল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার সকাল ১১টায় ক্যাম্পাসের অনুষদ ভবনের সামনে মানববন্ধনে করেন নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের পক্ষের সমর্থকরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক মো. কামালউদ্দিন, ছাত্র উপদেষ্টা মেহের আলী, প্রক্টর মাহবুবুল আরফিন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক আবুল আহসান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আইনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন বলেন, নারী উন্নয়ন নীতি বাস্তবায়িত হলে নারীরা তাদের সঠিক অধিকার পাবে। তিনি নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে সরকারকে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান। পরে একই স্থানে গণস্বাক্ষর সংগ্রহের আয়োজন করা হয়। গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম ১০ মে পর্যন্ত চলবে বলে জানান অংশগ্রহণকারীরা। অপরদিকে সকাল ১০টায় জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের বিপক্ষের সমর্থকরা গোলটেবিল বৈঠক ও আলোচনা সভা করেন অনুষদ ভবনে। এতে উপস্থিত ছিলেন- ইবি শিক্ষক সমিতির সভাপতি ড. তোজাম্মেল হক, সহ-সভাপতি ড. এস এম রেজোয়ান, সাধারণ সম্পাদক ড. আ ছ ম তরিকুল ইসলাম, ড. মো. মোস্তফা কামাল, ড. আবুল কালাম পাটোয়ারী, ড. মু. সোলায়মান, ড. মো. নাসিরুদ্দিন মিঝি প্রমুখ। বক্তারা এই নীতিমালা কুরআন-সুন্নাহ'র সঙ্গে সাংঘর্ষিক এবং ইসলাম পরিপন্থী উল্লেখ করে বাস্তবায়ন না করার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০৬ ঘ.