গাজীপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গী ন্যাশনাল টিউব মোড়ে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত হযরত আলী (৫০) টঙ্গী দত্তপাড়া এলাকার আবাসন ব্যবসায়ী। গুলিতে তার গাড়িচালকও আহত হয়েছেন।
টঙ্গী থানার উপপরিদর্শক মালেকা বানু সাংবাদিকদের বলেন, হযরত আলী তার ভগ্নিপতি দুলালকে সঙ্গে নিয়ে নিজের গাড়িতে ঢাকা যাচ্ছিলেন। টঙ্গী ন্যাশনাল টিউব মোড়ে পেছন থেকে মটর সাইকেলে আসা সন্ত্রাসীরা প্রাইভেটকার লক্ষ করে গুলি চালায়।
এতে হযরত আলী ঘটনাস্থলে মারা যান। চালক আরিফ গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ আরিফকে টঙ্গী হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক ইসমাইল হোসেন সিরাজী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
ব্যবসা সংক্রান্ত শত্র"তার জের ধরে পরিকল্পিতভাবে হযরতকে খুন করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২৩৫ ঘ.
bdnews24