২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধনরাষ্ট্রধর্ম নিয়ে দ্বিধাবিভক্ত মহাজোট

সংবিধান সংশোধনে রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মভিত্তিক দলের বিষয়ে দ্বিধা বিভক্ত মত দিয়েছে মহাজোটের শরিক দলগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 08:23 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মভিত্তিক দলের বিষয়ে দ্বিধা বিভক্ত মত দিয়েছে মহাজোটের শরিক দলগুলো। জাতীয় পার্টি (জাপা) সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে বহাল রাখার পক্ষে মত দিলেও ধর্ম নিরপেক্ষ দেশে রাষ্ট্রধর্ম না রাখার প্রস্তাব দিয়েছে সংসদে প্রতিনিধিত্বকারী বাম ধারার রাজনৈতিক দলগুলো। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সঙ্গে ধারাবাহিক আলোচনার দ্বিতীয় দিনে সোমবার বাম সংগঠনগুলো ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের প্রস্তাব দিলেও জাপা এর বিরোধিতা করেছে। জিয়াউর রহমানের শাসনামলে সামরিক ফরমানে সংবিধানের প্রস্তাবনায় 'বিসমিল্লাহির রহমানির রাহিম' যুক্ত করা হয়। পরবর্তীতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে তা সংসদে পাস করানো হয়। সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, গণতন্ত্রী পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রতিনিধিরা সংবিধান সংশোধন বিষয়ে বিশেষ কমিটির কাছে দলীয় মতামত তুলে ধরেন। জাপার প্রস্তাব বৈঠক শেষে জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সাংবাদিকদের বলেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম রাখতে হবে। প্রস্তাবনায় দ্বিতীয় অনুচ্ছেদে উল্লিখিত 'সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' বদলানো যাবে না। এছাড়া সংবিধানের অষ্টম অনুচ্ছেদে 'সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' অংশটুকুও বাদ দেওয়া যাবে না। ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবেই রাখতে হবে। কোরআন ও সুন্নাহর পরিপন্থি কোনো আইন করা যাবে না। এরশাদ বলেন, "বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম কোনো সাংঘর্ষিক বিষয় নয়। ইংল্যান্ড, বেলজিয়াম, ইতালি, আমেরিকাসহ বিভিন্ন দেশে ধর্মগ্রন্থ নিয়ে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন। আমেরিকার রাষ্ট্রপতি বাইবেল হাতে নিয়ে শপথ নেন। তারপরেও আমেরিকা ধর্মনিরপেক্ষ দেশ।" ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বিষয়ে এরশাদের মত হচ্ছে- ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান করা যাবে না। তবে রাজনীতিতে ধর্মের অপব্যবহার রোধ করার বিধান রাখতে হবে। রাষ্ট্রপতি ও বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে রাখা, এক কেন্দ্রিক সরকার ব্যবস্থার পরিবর্তে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে মত দেন এই সাবেক রাষ্ট্রপতি। তবে তত্ত্বাবধায়ক সরকারে সাবেক প্রধান বিচারপতিদের প্রধান উপদেষ্টা করার বর্তমান পদ্ধতি বাতিল করে ৯০ দিনের মধ্যে নির্বাচন করাসহ এ ব্যবস্থার সংস্কার প্রয়োজন রয়েছে বলে বিশেষ কমিটিকে জানিয়েছেন তিনি। বিশেষ কমিটির কাছে সব মিলিয়ে ৯ দফা লিখিত মতামত দিয়েছেন বলে সাংবাদিকদের জানান এরশাদ। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সংবিধান সংশোধনের লক্ষ্যে সব দল ও সংবিধান বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে উল্লেখ করে এরশাদ বলেন, "এর আগে ১৪ বার সংবিধান সংশোধন করা হয়েছে। সেখানে সরকার ছাড়া অন্য কারো মতামত নেওয়া হয়নি। আমরা আশা করি, আলাপ-আলোচনার মাধ্যমে এবার আমরা বিতর্কমুক্ত ফল পাবো।" ওয়ার্কার্স পার্টি সংবিধান সংশোধন নিয়ে বৈঠকে ১৩ দফা লিখিত প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বৈঠক শেষে পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক সাংবাদিকদের বলেন, "রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মনিরপেক্ষতার নীতি একসঙ্গে চলতে পারে না। রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। রাষ্ট্র সবার, ধর্ম যার যার।" দলটি মত হলো- ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধানসহ সুপ্রিম কোর্টের রায়ে প্রতিস্থাপিত মূল সংবিধানের ৩৮ ধারা বহাল রাখা প্রয়োজন। সংবিধানে আদিবাসী ক্ষুদ্র জাতিসত্ত্বাগুলোর সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পক্ষেও মত দিয়েছে ওয়ার্কার্স পার্টি। এছাড়া সংবিধান বাতিল, স্থগিত কিংবা সামরিক শাসন জারির অপরাধে রাষ্টদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিধান সংবিধানে যুক্ত করার প্রস্তাব দিয়েছে দলটি। জাসদ জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বিষয়ে অনুচ্ছেদগুলো সংবিধান থেকে বিলুপ্ত করার পক্ষে মত দিয়েছেন তারা। তার দল মনে করে, রাষ্ট্রনীতি, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের কাঠামো, উদ্দেশ্য, লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে এ বিষয়গুলো সঙ্গতিপূর্ণ নয়, বরং সাংঘর্ষিক। "এটা ধর্মের অপব্যবহার ছাড়া আর কিছু নয়।" ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করতে বাহাত্তরের সংবিধানের ৩৮ অনুচ্ছেদ হুবহু ফিরিয়ে আনার পক্ষে মত দেন তারা। এছাড়া সংবিধান বহির্ভূত যে কোনো কর্মকাণ্ড বা অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলের অপরাধে সর্ব্বোচ শাস্তির বিধান চালু; বিচারপতিদের অপসারনের বিষয়টি সংসদের হাতে রাখা; আদিবািেসদর সাংবিধানিক স্বীকৃতি; দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালুসহ ২৩ দফা লিখিত সুপারিশও বৈঠকে উপস্থাপন করে দলটি। গণতন্ত্রী পার্টি ও ন্যাপ রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে ওয়ার্কার্স পাার্টি ও জাসদের সঙ্গে একমত গণতন্ত্রী পার্টি ও ন্যাপের প্রতিনিধিরা। গণতন্ত্রী পার্টির সভাপতি মো. আফজাল বৈঠক শেষে সাংবাদিকদের জানান, দেশের স্বতন্ত্র জাতিসত্ত্বাগুলোকে সাংবিধানিক স্বীকৃতি প্রদানের প্রস্তাব করেছেন তারা। এছাড়া ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে সামরিক অভ্যুত্থানসহ অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল চিরদিনের জন্য নিষিদ্ধ করার জন্য নতুন আইন প্রণয়নের প্রস্তাব করেছে তার দল। ন্যাপের সাধারণ সম্পাদ এনামুল হক সাংবাদিকদের জানান, রাষ্ট্রধর্ম ও বিসমিল্লাহির রহমারি রাহিম সংবিধান থেকে বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছে তার দল। সেই সঙ্গে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার বিষয়ে বাহাত্তরের বিধান ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, মুজিবুল হক, জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু সংবিধান সংশোধন কমিটির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। ওয়ার্কার্স পার্টির পক্ষে দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিট ব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, ফজলে হোসেন বাদশা; জাসদের পক্ষে দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, শিরিন আখতার, অ্যাডভোকেট শাহ জিকরুল আহম্মেদ; গণতন্ত্রী পার্টির পক্ষে মোহাম্মদ আফজাল, নুরুর রহমান সেলিম, রুবি রহমান, সাইফুল ইসলাম, মাহমুদুর রহমান বাবু এবং ন্যাপের পক্ষে ইসমাইল হোসেন, অ্যাডভোকেট এনামুল হক, আব্দুর রহমান, আব্দুর রশিদ সরকার বৈঠকে অংশ নেন। বিশেষ কমিটির সদস্য হিসেবে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু উপস্থিত থাকায় দলের অন্য সদস্যরা বৈঠকে দলের হয়ে মত প্রকাশ করেন। বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও লিবারেল ডেমোক্রেটিক পাার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অ.) অলি আহমদ এতে যোগ দেননি। এর আগে সকালে বিএনপি ও চারদলীয় জোটের শরিক বিজেপি নির্ধারিত বৈঠকে অংশ নেয়নি। ধারাবাহিক আলোচনা শেষ দিনে বুধবার বেলা ১২টায় আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বিশেষ কমিটির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০২১৬ ঘ