চট্টগ্রাম, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী চাল বাজার থেকে ২ হাজার ২২০ বস্তা চাল আটক করেছে র্যাব সদস্যরা।
সোমবার সন্ধ্যায় র্যাব-৭ এর সদস্যরা বাজারের লাকী ট্রেডার্স এর গুদাম থেকে এসব চাল আটক করে। চালের বস্তায় 'খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়' লেখা রয়েছে।
তবে আটক এসব চাল ওএমএস বা অন্য কোনো প্রকল্পের জন্য বরাদ্দ ছিল কি না তা নিশ্চিত করে বলতে পারেনি এলিট এই বাহিনী।
লাকী ট্রেডার্সের মালিক অবশ্য দাবি করেছেন, রাঙামাটির একটি প্রতিষ্ঠান থেকে এ চাল তারা কিনে এনেছেন। তবে এর বিপরীতে তারা কোনো কাগজ দেখাতে পারেনি।
আটক ১১১ মেট্রিক টন চাল বাজার কমিটির সাধারণ সম্পাদকের জিম্মায় রাখা হয়েছে। চালের উৎস না জানা পর্যন্ত তা লাকী ট্রেডার্সের গুদামে থাকলেও বিক্রি করা যাবে না।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল আটক করা হয়। চালের বস্তায় খাদ্য মন্ত্রণালয় লেখা থাকলেও তা ওএমএস'র চাল কি না তা জানা যায়নি।
তিনি আরো বলেন, এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা র্যাবকে জানায়, পাবর্ত্য জেলায় কিছু প্রকল্পের জন্য বরাদ্দ চাল বিক্রি করে কাজ করানো যায়।
লাকী ট্রেডার্সের মালিক এর বিপরীতে কাগজ দেখাতে পারলে চাল ছেড়ে দেওয়া হবে। তা না হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২৩৯ ঘ.
bdnews24