গাইবান্ধা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক স্কুল ছাত্রী নিখোঁজ হওয়ার একদিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার তালুককানুপুর গ্রামে একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মেয়েটির নাম ইয়াছমিন আকতার (১৫)। সে তালুককানুপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলো।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস সাংবাদিকদের জানান, রোববার সন্ধ্যার দিকে ইয়াছমিন বাড়ি থেকে নিখোঁজ হয়।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে তার চাচা সফররাজ আলী বাড়ির পাশের একটি ধান ক্ষেতে তার লাশ দেখতে পায়।
ওসি জানান, কৌশলে তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সম্ভবত গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। লাশের দুই কানে রক্ত জমাট বেঁধে ছিলো।
লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৪১ ঘ.
bdnews24